যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রথম জরিমানা
মৃত্যুদণ্ড ও সশ্রম কারাদণ্ডের পাশাপাশি যুদ্ধাপরাধের মামলায় প্রথমবারের মতো জরিমানার সাজা ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারকে ২০ বছরসশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
জরিমানা পরিশোধ না করলে আরও দুই বছর কারাভোগ করতে হবে জাতীয় পার্টির সাবেক এই সংসদ সদস্যকে।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরের মঠবাড়িয়া থানার ফুলঝুড়ি গ্রামে হিন্দু সম্প্রদায়ের দুইশ’ মানুষকে কলেমা পড়িয়ে জোর করে মুসলিম বানানোর অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়।
জব্বারের বিরুদ্ধে আনা গণহত্যা, হত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অন্য চারটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটাই ট্রাইব্যুনালের দেওয়া কোনো রায়ে প্রথম জরিমানার সাজা।
এর আগে ধর্মান্তরিতকরণের অভিযোগে দেলাওয়ার হোসেন সাঈদীকে কারাদণ্ড দেওয়া হলেও সেখানে জরিমানা করা হয়নি।
তুরিন বলেন, “এর আগে কয়েকটি মামলায় আমরা ট্রাইব্যুনালের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছিলাম, কিন্তু তা দেওয়া হয়নি।
“জরিমানা ও ক্ষতিপূরণে কিছুটা পার্থক্য আছে। জরিমানা সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, ক্ষতিপূরণ সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পায়। কিছু কিছু আইনে অবশ্য জরিমানার একটি অংশ ক্ষতিগ্রস্তরা পায়।”
মানবতাবিরোধী অপরাধে ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করতে পারাটাই আসামিদের কাছ থেকে ক্ষতিপূরণের জন্য ট্রাইব্যুনালে আবেদন জানানোর মূল লক্ষ্য বলে জানান প্রসিকিউটর তুরিন আফরোজ।
