কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জগমোহনপুর নোয়াবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নোয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজিম উদ্দিন।
নিহতদের মধ্যে ছয় জনের পরিচয় জানা গেছে। এরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার নারায়ণপুর গ্রামের সিরাজ মিয়ার মেয়ে কুলসুমা আক্তার (৩৫), রোজিনা আক্তার (২৫), রোজিনার মেয়ে সুমাইয়া আক্তার (৭), আমানগণ্ডা গ্রামের আবদুর রউফের স্ত্রী জেসমিন আক্তার (৩৫), মেয়ে ডলি আক্তার (৫) এবং একই গ্রামের কোব্বাত মিয়ার ছেলে সিএনজি অটোরিকশা চালক ফিরোজ মিয়া (২৫)।
নিহত আরেকজনের (৫০) পরিচয় পাওয়া যায়নি।
এসআই নাজিম বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকাগামী ইউনিক সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়। সেখান থেকে লাশগুলো নোয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।
বাসটি আটক করা হয়েছে। তবে, চালক ও সহকারীরা পালিয়ে গেছে বলে জানান তিনি।
