২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও চট্টগ্রামে ভোট এক দিনে করার ইঙ্গিত

বহু প্রতীক্ষিত ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে এক দিনে করার পরিকল্পনা হচ্ছে।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 07:27 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

নির্বাচন কমিশনের সম্মতি থাকলে তিন সিটি কর্পোরেশনের [ডিসিসির দুই ভাগ ও সিসিসি] এক সঙ্গে করার জন্য প্রস্তত বলে ইসি সচিবালয় জানিয়েছে।

নির্বাচন কমিশনার আবদুল মোবারক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “অনুরোধ পেয়ে প্রধান নির্বাচন কমিশনার ডিসিসি নির্বাচন নিয়ে কমিশন সভা ডাকবেন। তাতে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণে সিদ্ধান্ত নেওয়া হবে।”

মেয়াদ শেষের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নির্ধারিত সময় আগামী জুনের মধ্যে করার পরিকল্পনা আগেই জানিয়েছিল ইসি।

এর মধ্যেই সোমবার ডিসিসির উত্তর ও দক্ষিণ ভাগে ভোট অনুষ্ঠানের অনুরোধ জানিয়ে স্থানীয় সরকার বিভাগ ইসিতে চিঠি দেয়।

সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা ও চট্টগ্রাম একদিনে করতে হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে মে মাসেই তা হতে পারে।

চলমান রাজনৈতিক অস্থিরতা মাথায় রেখেই নির্বাচন কমিশনার মোবারক বলেন, “বিদ্যমান পরিস্থিতির সঙ্গে এপ্রিল মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখে সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

“পাবলিক পরীক্ষায় ভোট দিয়ে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হোক, তা আমরা চাই না। রমজানেও ভোট দেওয়া ঠিক হবে না। সেক্ষেত্রে ডিসিসির দুই ভাগে ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন একসঙ্গে একই দিনে করার বিষয়টি ভাবতে হবে।”

এর আগে বিভিন্ন সিটি কর্পোরেশনে একদিনে ভোট নেওয়ার নজির তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন, ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি কর্পোরেশনে ভোট এক সঙ্গে করতে কোনো অসুবিধা হবে না।

“কমিশন সভায় একদিনে করার পরিকল্পনা তুলে ধরা হবে। এক সঙ্গে করা যায় কি না ও আলাদা করলে কী হবে, তা পর্যা‌লোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। একসঙ্গে ভোট হলে আইন শৃঙ্খলাবাহিনী নিয়োগ বা অন্যান্য কর্মযজ্ঞেও অসুবিধা নেই।”

ইসি কর্মকর্তারা জানান, ঢাকা ও চট্টগ্রামে আলাদা দিনে ভোট হলে ফলাফলের প্রভাবও ভোটারদের মধ্যে কাজ করবে। একসঙ্গে ভোট হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক আয়োজনও সহজ হবে।

ডিসিসির সীমানা নির্ধারণের গেজেট হাতে পাওয়ায় দুই নির্বাচন কাছাকাছি করার পরিকল্পনা রয়েছে কি না- জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, একদিনে ভোট করতে তারাও প্রস্তুত।

“সারা দেশের নির্বাচন একদিনেই করি আমরা। একদিনেই করতে আমরা অভ্যস্ত। যদি একদিনেই দুই সিটি করপোরেশনের [ঢাকা ও চট্টগ্রাম] নির্বাচন করতে হয় নির্বাচন কমিশন প্রস্তুত আছে। অতীতে চার সিটি করপোরেশন একদিনেই করেছি আমরা।”

এর আগে সিলেট, বরিশাল, খুলনা ও রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন একই দিনেই করেছিল কাজী রকিব উদ্দীন আহমদ নেতৃত্বাধীন এই নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন একদিনে করতে হলে অবশ্যই এইচএসসি পরীক্ষার পরে মে মাসের মধ্যভাগে ভোট হতে পারে। এক্ষেত্রে এপ্রিলের মধ্যভাগে পরীক্ষার সময় মনোনয়ন দাখিলের সময় থাকলে প্রচারণার জন্যে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। তাতে পরীক্ষার্থীদের ক্ষতিরও শঙ্কা থাকবে না।

তাদের মত, একসঙ্গে ভোট নিতে হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট জুনের প্রথমার্ধ্ব থেকে আগানোর পরিকল্পনা নিতে হবে। নতুবা ঢাকার ভোটও জুনের প্রথমার্ধে করার পরিকল্পনা নিতে হবে।

পুরনো খবর:

ডিসিসি নির্বাচনের উদ্যোগ নিতে বলেছে সরকার