২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলি, নিহত ১

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে ‘সন্ত্রাসী’ বলে দাবি করছে পুলিশ। এ সময় আহত হয়েছে এক পুলিশ কনস্টেবল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 04:32 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

মঙ্গলবার দুপুরে উপজেলার বাঘড়ার রুদ্রপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শাহীন (২৬) স্থানীয় রৌদ্রপাড়ার নুর ইসলামের ছেলে।

আহত কনস্টেবল আলামিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর থানার ওসি শেখ মাহাবুবুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে বাঘড়ার রৌদ্রপাড়ায় অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী আছে খবর পেয়ে শ্রীনগর থানার একদল পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়েই সন্ত্রাসীরা গুলি ছোড়ে এবং পুলিশের উপর হামলা চালায়।

এ সময় শ্রীনগর থানার কনস্টেবল আলামিন গুলিবিদ্ধ হন। ওই সময় সন্ত্রাসীরা আলামিনের কাছ থেকে রাইফেল ছিনতাই করে।

ওসি বলেন, খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে শ্রীনগর থানার ওসিসহ শ্রীনগর থানা পুলিশ ও জেলা পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসে। এবার পুলিশ গোটা এলাকাকাকে ঘিরে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করে।

ওসি মাহবুবুর বলেন, এ সময় ফের পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করলে তিনি নিজে (মাহবুবুর) আহত হন। পরে পুলিশ পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসী শাহীন নিহত হন।

এ সময় পুলিশ ৪ রাউন্ড গুলি ছোড়ে বলে জানান তিনি।

ওসি আরও জানান, নিহত শাহিনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ অন্তত ৬টি মামলা রয়েছে। পালিয়ে যাওয়া অপর সন্ত্রাসীদের ধরার চেষ্টা চলছে।

ঘটনাস্থলে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, শাহীনের মৃতদেহের কাছে একটি পিস্তল এবং আলামিনের খোয়া যাওয়া রাইফেলটি পাওয়া গেছে।