২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাদণ্ডের রায়ে ক্ষোভ, অপরাধ বিবেচনায় শাস্তির দাবি

মানবতাবিরোধী অপরাধে পলাতক জাতীয় পার্টি নেতা আবদুল জব্বারের আমৃত্যু কারাদণ্ডের রায়ে ক্ষোভ প্রকাশ করে অপরাধের ভিত্তিতে যুদ্ধাপরাধীদের শাস্তির দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

পিরোজপুর প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2015, 02:27 PM

Updated : 12 Oct 2022, 03:19 PM

পুরনো খবর:

প্রত্যাশা ছিল মৃত্যুদণ্ড: প্রসিকিউশন
জব্বারের আমৃত্যু কারাদণ্ড

একই দাবি তুলেছেন পিরোজপুরের মঠবাড়িয়ার অনেকে, একাত্তরে এই রাজাকারের জন্য স্বজন হারিয়েছিলেন যারা।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১ মুক্তিযুদ্ধকালে পিরোজপুরের মঠবাড়িয়ার শান্তি কমিটির চেয়ারম্যান জব্বারের রায় ঘোষণা করে। হত্যা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, জোরপূর্বক ধর্মান্তর ও দেশান্তরে বাধ্য করার মতো যেসব মানবতাবিরোধী অপরাধ তিনি করেছেন তাতে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই প্রাপ্য হলেও বয়স বিবেচনায় আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে বলে আদালত বলেছে।

রায় শোনার পর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।

Image
মতিঝিলে বুধবার গণজাগরণ মঞ্চের সমাবেশে ইমরান এইচ সরকার।

মতিঝিলে বুধবার গণজাগরণ মঞ্চের সমাবেশে ইমরান এইচ সরকার।

রায়ের প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “মানবতাবিরোধী অপরাধে আবদুল জব্বারের আমৃত্যু কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। এই রায় আমরা প্রত্যাখ্যান করছি। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রমাণিত হয়েছে, কিন্তু কুখ্যাত মঠবাড়িয়ার যুদ্ধাপরাধী জব্বারকে বয়স বিবেচনায় আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

“এই অপরাধীর রায় বয়স বিবেচনায় নয়, রায় তার অপরাধের ওপর ভিত্তি করে দেওয়া উচিত ছিল আদালতের। তাই এই রায় পুনর্বিবেচনার দাবি জানাই আদালতের কাছে।”

২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবনের সাজা হলে ক্ষোভ থেকে শাহবাগে আন্দোলন শুরু করেছিল ছাত্র-জনতা। তাদের সে আন্দোলনে যোগ দেন লাখো মানুষ।

গণজাগরণ আন্দোলনের মুখে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের মতো রাষ্ট্রপক্ষও আপিলের সুযোগ পায়, যে আপিলে মৃত্যুদণ্ডের রায় আসে কাদের মোল্লার এবং সে বছর ডিসেম্বরে তা কার্যকর করা হয়।

এরপর থেকে যুদ্ধাপরাধের সব মামলার রায়ের আগে শাহবাগে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছে গণজাগরণ মঞ্চ।

এদিন বেলা সোয়া ১১টার দিকে শাহবাগে প্রজন্ম চত্বরে অবস্থান নিয়ে জব্বারের মৃত্যুদণ্ডের দাবিতে নানা শ্লোগান দেন তারা।

জব্বারের আমৃত্যু কারাদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় সন্ধ্যায় মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।

পিরোজপুরে অসন্তোষ

মুক্তিযুদ্ধকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শান্তি কমিটির চেয়ারম্যান জব্বারের আমৃত্যু কারাদণ্ডের রায় শুনে হতাশা প্রকাশ করেছেন তার নিজের এলাকা সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামের মানুষ।

এই মানবতাবিরোধী অপরাধীর ফাঁসি প্রত্যাশা ছিল বলে জানিয়েছেন স্বাধীনতা যুদ্ধের সময় সেখানে নির্যাতিত, ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের সদস্যরা।

একাত্তরে মঠবাড়িয়ার ফুলঝুড়ি, নলী, আঙ্গুলকাটা নাথপাড়া ও কুলুপাড়ায় মুক্তিযোদ্ধাসহ অনেককে হত্যা, বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ এবং হিন্দুদের জোর করে ধর্মান্তর ও দেশত্যাগে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধে জব্বারের সংশ্লিষ্টতার বিষয়টি ট্রাইব্যুনালের রায়ে উঠে এসেছে।

এসব অপরাধে জব্বারের মৃত্যুদণ্ড না হওয়ায় অসন্তোষ জানিয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু বলেন, “কেউই এই রায় সহজে মেনে নিতে পারেনি। মঠবাড়িয়ার নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই রায়ে ভেঙে পড়েছেন।”

মঠবাড়িয়ার আঙ্গুলকাটা গ্রামের শহীদ সুরেন্দ্র নাথ মিত্রের ছেলে সঞ্জীব মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই রায়ে আমরা সন্তষ্ট হতে পারিনি। আমরা তার (জব্বার) ফাঁসি চাইছিলাম।”

রায় পুনর্বিবেচনার জন্য আপিল করার দাবি জানান তিনি।

পলাতক এই যুদ্ধাপরাধীর বিচার নিশ্চিত করতে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ারও দাবি জানান তিনি।

আনুমানিক ৮০ বছর বয়সী প্রকৌশলী জব্বার বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানিয়েছে।

জব্বারের গ্রামের বাড়ি মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের খেতাছিরা গ্রামে গিয়ে দেখা গেছে, তার বসতভিটা ও জায়গা-জমির অনেকটাই বলেশ্বর নদীতে বিলীন হয়ে গেছে।

ওই বাড়িতে বর্তমানে জব্বাররের ছেলে-মেয়েরা কেউ না থাকলেও তার ভাইয়ের ছেলে আরমগীর হোসেন টিকে থাকা জায়গা-জমি দেখাশুনা করছেন।

দেশ স্বাধীন হওয়ার পর আত্মগোপনে চলে যাওয়া জব্বার ফের প্রকাশ্যে আসেন স্বাধীনতার বিরোধিতাকারীরা জিয়াউর রহমানের আমলে আবার রাজনীতি করার সুযোগ পাওয়ার পর।

১৯৮৬ সালে সেনা শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে পিরোজপুর থেকে সাংসদ হয়েছিলেন। ১৯৮৮ সালের ভোটারবিহীন নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন তিনি।