লক্ষ্মীপুরে মৎস্য, নোয়াখালীতে খাদ্য অফিসে আগুন
বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে গভীর রাতে আগুন দেওয়া হয়েছে লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসে।
সোমবার রাতে লক্ষ্মীপুরের পাশাপাশি নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়েও অগ্নিসংযোগ হয়েছে।
লক্ষ্মীপুরে মৎস্য কার্যালয়ের দুটি কক্ষের কাগজপত্র, চেয়ার-টেবিল ও আলমারি পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার রাত ৩টার দিকে পেট্রোল ঢেলে অফিসে আগুন দেওয়া হয় বলে জেলা মৎস্য কর্মকর্তা মো. আলেকুজ্জামান জানান।
সকালে অফিসের ভেতর থেকে একটি ককটেল ও পেট্রোলের খালি বোতল পাওয়া যায় বলে জানান তিনি।
এ ঘটনায় সকাল পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর থানার ওসি ইকবাল হোসেন।
নোয়াখালীতে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের স্টোরে রাখা জরুরি কাগজপত্র পুড়েছে। আগুন নেভাতে গিয়ে আলম নামে এক অফিসকর্মী আহত হন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ন কবির জানান, রাত ৯টার দিকে অফিসে মধ্যে শব্দ পেয়ে এগিয়ে গিয়ে স্টোর রুমে আগুন দেখতে পান।
“মুহূর্তের মধ্যে আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”
মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহবুব আলম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কক্ষের মধ্যে কেরোসিনের একটি বোতল পেয়েছেন তারা।
দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন দেয় বলে ধারণা করছেন এই কর্মকর্তা।
সোমবার রাতে নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়পুরে নারিকেলভর্তি একটি কভার্ড ভ্যানে ও জেলা শহর মাইজদীতে একটি পিকআপ ভ্যানেও আগুন দেওয়া হয়।
