সুন্দরবনের চারপাশে বসবে সীমানা পিলার
জীববৈচিত্র রক্ষায় সুন্দরবনের চারপাশে সীমানা পিলার ও বিধি-নিষেধ আরোপ করে সাইনবোর্ড লাগানো হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
এস এম মোস্তফা রশিদীর প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বলেন, সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণের জন্য ১৭৬ কোটি টাকা ব্যয়ে দুটি পৃথক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া আরও দুটি প্রকল্প গ্রহণের কাজ প্রক্রিয়াধীন আছে।
১৯৯৯ সালে সংরক্ষিত বনের বাইরের চারদিকে ১০ কিলোমিটার এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। ইতিমধ্যে গত ১৩ জানুয়ারি সুন্দরবনের মৌজাভিত্তিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
“অচিরেই সংশ্লিষ্টদের নিয়ে সুন্দরবনের সীমানা পিলার ও সাইনবোর্ড লাগানো হবে।”
ফাইল ছবি
এদিকে হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রস্তাব পাওয়া গেলে স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর, আলশামসদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের জন্য ঘৃণাস্তম্ভ তৈরি করা হবে।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বাণিজ্যিক সুবিধা বিবেচনায় নিয়ে গুয়াংজু, মালে, টোকিও ও কলম্বোতে বিমানের সার্ভিস সম্প্রসারণ করা হবে।
তাহজীব আলম সিদ্দিকীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ৬ মাসের আপাতক হিসাব অনুযায়ী বিমান ২৪৫ দশমিক ১৬ কোটি টাকা মুনাফা অর্জন করছে।
