পুলিশের দাবি, গণপিটুনি; গণরা বলছে ভিন্ন
রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ তিনজনের লাশ উদ্ধারের ঘটনাটিকে পুলিশ গণপিটুনি বললেও ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলে এর সমর্থন পাওয়া যায়নি।
নিহতের গায়ে গুলির চিহ্ন থাকার বিষয়ে পুলিশের বক্তব্য, জনতার মধ্যে কেউ অস্ত্র ব্যবহার করেছে।
বিএনপি জোটের লাগাতার অবরোধ-হরতালের মধ্যে রোববার রাতে কাজীপাড়ার বাইশ বাড়ি এলাকায় গুলিবিদ্ধ তিনজনের লাশ পাওয়া যায়।
পুলিশ দাবি করেছে, ‘নাশকতার চেষ্টাকালে’ গণপিটুনিতে সুমন (১৮), রবিন (১৮) ও জুয়েল (১৯) নামে ওই তিন তরুণ নিহত হন। তারা পল্লবীর প্রথম লেনে থাকতেন।
চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিরোধী জোটের নেতা-কর্মীদের পুলিশ ধরে নিয়ে হত্যা করছে বলে বিএনপির অভিযোগের মধ্যে মিরপুরের এই ঘটনা ঘটল।
নিহত তিন তরুণের বিস্তারিত পরিচয় কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তারা নাশকতার সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশের দাবি।
মিরপুর থানার ওসি মো. সালাহ উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (সোমবার) ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, ১০ জনের মতো দুর্বৃত্ত গভীর রাতে মনিপুর স্কুলে নাশকতা চালাতে আসে। এসময় জনতা তাদের ধাওয়া করে বাইশ বাড়ি এলাকায় তিনজনকে ধরে পিটুনি দিলে এ ঘটনা ঘটে।”
যে স্থানে তিন তরুণকে হত্যা করা হয়েছিল, তা একটি গলি। দুই পাশে দুটি বহুতল ভবন। একটি ভবনের সামনে দিয়ে যেতে হয় ঘটনাস্থলে। অন্য ভবনের পেছনেই হত্যা করা হয়।
যে বাড়ির সামনের দিকে তিনজনকে হত্যা করা হয়, সেই বাড়িতে কথা বলার মতো কাউকে পাওয়া যায়নি।
ওই বাড়ির পূর্ব পাশে একটি টিনশেড বাড়ি। উঁকি দিয়ে পঞ্চাশোর্ধ্ব এক নারীকে দেখে কিছু বলতে চাইলেই তিনি বলেন, “সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ভয় পাই।”
ঘটনাটি কী ঘটেছিল- জানতে চাইলে তিনি বলেন, “রাত ১২টার দিকে প্রথমে গাড়ির শব্দ শুনতে পাই, পরে শুনি গুলির শব্দ।”
অনেক মানুষ একসঙ্গে হয়ে কয়েকজনকে পেটানোর মতো হৈ চৈ শুনতে পেয়েছেন কি না- জানতে চাইলে না প্রকাশে অনিচ্ছুক এই নারী বলেন, “না ভাই, তেমন কিছু শুনিনি।”
ওই এলাকার একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে এই নারীর কথারই প্রতিধ্বনি পাওয়া যায়।
তবে নূর হোসেন নামে এক যুবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বাসা কাছেই। রাতে আমি কিছু হৈ-হুল্লা শুনেছিলাম। তবে নেমে আসিনি। দিনের বেলায় জানতে পারি, প্রধান রাস্তায় গাড়িতে বোমা মারতে গিয়ে তিন যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে এখানে এনে।”
মর্গে তিনজনের লাশ
নিহত তিনজনের দেহেই গুলির চিহ্ন ছিল বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গণপিটুনি হলে গুলির চিহ্ন কেন- জানতে চাইলে মিরপুর থানার ওসি সালাহ উদ্দিন বলেন, “জনতার মাঝে কেউ অস্ত্র ব্যবহার করতে পারে। জনতার অনেকের তো বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে।”
নিজের জীবন রক্ষায় বা অন্য মানুষের জীবন ও জানমাল রক্ষায় কেউ অস্ত্র ব্যবহার করেছিল কি না, তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
সাম্প্রতিক কয়েকটি ‘বন্দুকযুদ্ধের’ মতো পুলিশের কোনো সংশ্লিষ্টতা ছিল কি না- প্রশ্ন করা হলে ওসি আবার বলেন, “বিষয়টি গণপিটুনিই ছিল। তবে জনতার মাঝে কেউ অস্ত্র ব্যবহার করায় এমনটি হয়েছে। পুলিশের সাথে কোনো ঘটনা ঘটেনি।”
তিন তরুণের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। সোমবার রাত ৮টা পর্যন্ত নিহতদের কোনো স্বজন-বন্ধু মর্গে যায়নি।
ওসি বলেন, তিনজন নিহত হওয়ার ঘটনায় এসআই মো. মাসুদ পারভেজ দেড়শ জনকে আসামি করে একটি হত্যামামলা করেছেন। তবে আসামিরা সবাই অজ্ঞাত পরিচয়ের।
