ঝিনাইদহে দুই যুবককে গুলি করে হত্যা
ঝিনাইদহ সদর উপজেলায় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে, যারা এক সময় অস্ত্রসহ আটক হয়ে জেল খেটেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ডেফলবাড়িয়া গ্রামের মাঠ থেকে লাশ দুটি উদ্ধার হয় বলে ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান।
নিহতরা হলেন- সদর উপজেলার চরখাঁজুরা গ্রামের নাসিম উদ্দিন বিশ্বাসের ছেলে দেলওয়ার হোসেন দুলাল (৩০) ও ৮ নম্বর ওয়ার্ড ঝিনাইদহ পৌর কমিশনার গোলাম মোস্তফার ছেলে গোলাম আজম পলাশ (২৩)। দুই পরিবারই এলাকায় বিএনপি সমর্থক হিসাবে পরিচিত।
সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশের ধারণা, রোববার রাতের কোনো এক সময় দুজনকে গুলি করে হত্যা করে মাঠে লাশ ফেলে পালিয়ে যায় খুনিরা।
নিহত দুলালের ভাই আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৮ ফেব্রুয়ারি থেকে দুলাল ও পলাশ নিখোঁজ ছিল। তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল।”
তবে কারা দুজনকে ধরে নিয়েছিল সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
এদিকে পলাশের বাবা পৌর কমিশনার গোলাম মোস্তফার অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার দশ মাইল বাজার থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন তার ছেলেকে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে ডিবিতে যোগাযোগ করা হলে তারা পলাশকে ধরার কথা অস্বীকার করে।
পলাশ রাজনীতিতে জড়িত ছিলেন না বলেই তার বাবার দাবি।
ওসি শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা (নিহতরা) ভাল মানুষ ছিল না। প্রায় দুই বছর আগে অস্ত্রসহ ধরা পড়ে তারা জেল খেটেছিল।”
লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
