নিহতদের গায়ে গুলির চিহ্ন, পুলিশ বলছে গণপিটুনি
বিএনপি জোটের অবরোধ ও হরতালের মধ্যে রাজধানীর কাজীপাড়া ও টেকনিক্যাল এলাকা থেকে চার জনের গুলিবিদ্ধ লাশ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ, যাদের মধ্যে একজন কথিত বন্দুকযুদ্ধে এবং বাকিরা ‘নাশকতার চেষ্টাকালে গণপিটুনিতে’ নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
রোববার গভীর রাতে প্রায় একই সময়ে ঘটনা দুটি ঘটে। এর মধ্যে কাজীপাড়ার ঘটনায় তিন জন নিহত হন। আর টেকনিক্যাল ফুটওভার ব্রিজের কাছে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে বলে পুলিশের ভাষ্য।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত পৌনে ২টার দিকে ওই চার জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের শরীরে গুলির চিহ্ন ছিল।”
নিহতরা হলেন- চাঁদপুরের মতলবের সারিয়াকান্দির ওয়াদুদ ব্যাপারী (৩০), মিরপুর প্রথম লেনের জনির ছেলে সুমন (১৮), একই এলাকার সেলিমের ছেলে রবি (১৭), যার গ্রামের বাড়ি পাবনার চাটমোহরের বাহাদুরপুর এবং বগুড়ার সাড়িয়াকান্দির আমিনুল ইসলামের ছেলে জুয়েল (১৯)।
এদের মধ্যে শেষের তিনজনকে কাজীপাড়ার ২২ বাড়ি এলাকা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিসক তাদের মৃত ঘোষণা করেন বলে মিরপুর থানার ওসি মো. সালাহউদ্দিন খান জানান।
তিনি বলেন, “দশ জনের একটি সন্ত্রাসী দল মনিপুর স্কুলের বালিকা শাখায় আগুন দেওয়ার পরিকল্পনা করেছিল। পরে জনতা তাদের মধ্যে তিন জনকে ধরে পিটুনি দেয়।”
গণপিটুনিতে মৃত্যু হলে শরীরে গুলি এলো কীভাবে জানতে চাইলে ওসি বলেন, “জনতার মধ্যে কারও কাছে আগ্নেয়াস্ত্র থাকতে পারে, তারা গুলি চালাতে পারে। তবে পুলিশ গুলি করেনি।”
আর ওয়াদুদকে মিরপুর-১০ নম্বর সেকশনে সিটি করপোরেশন কার্যালয়ের সামনে থেকে ধরে জনতা পুলিশে দেয় বলে জানান তিনি।
সালাহউদ্দিন খান বলেন, পুলিশ ওয়াদুদকে নিয়ে রাত ১টার দিকে অভিযানে গেলে টেকনিক্যাল ফুটওভার ব্রিজের কাছে দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।
“এ সময় আত্মরক্ষার জন্য পুলিশও গুলি চালায়। গোলাগুলির মধ্যে ওয়াদুদ আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
সোমবার সকাল ১০টার দিকে ওয়াদুদের চাচা চান মিয়া ব্যাপারী ঢাকা মেডিকেলের মর্গে এসে লাশ শনাক্ত করেন।
তিনি জানান, ওয়াদুদ ও তার বাবা আবদুল আলী ব্যাপারী মিরপুরে ৯/৪ টোলারবাগ এলাকায় থাকতেন। ঝুটপট্টির সি ব্লকে তাদের দুটি ঝুটের দোকান রয়েছে। ওয়াদুদ বাবার সঙ্গে ওই দোকানে বসতেন।
“গতকাল সকালে নাস্তা করে মোটরসাইকেল নিয়ে বের হয় ওয়াদুদ। তবে সে দোকানে যায়নি। তার বাবা অপেক্ষায় ছিল, মোবাইলে ফোনও বন্ধ পাওয়া যায়।”
এরপর বিকালে মিরপুর থানায় গেলে ওসি সালাউদ্দিন থানায় আটকদের দেখিয়ে জানতে চান ওয়াদুদ তাদের মধ্যে আছে কি না। কিন্তু সেখানেও তাকে পাওয়া যায়নি।
“পরে আজ ভোরে খবর পাই, ওয়াদুদ পুলিশের সঙ্গে গোলাগুলিতে মারা গেছে।”
ওয়াদুদ শ্রমিক দল করতেন এমন গুঞ্জনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তার চাচা বলেন, “কেউ মারা গেলে তার আগে পিছনে অনেক কিছু পুলিশ লাগিয়ে দেয়।”
চান মিয়ার দাবি, ওয়াদুদ রাজনীতি করতেন না। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
