২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের’ ৫ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ে ‘জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র’ থেকে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 09:39 PM

Updated : 12 Oct 2022, 03:19 PM

বাঁশখালী থানার ওসি কামরুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় বাঁশখালী থানায় র‌্যাবের উপ-সহকারী পরিচালক গোলাম রব্বানি বাদি হয়ে সন্ত্রাসবিরোধী ও অস্ত্র আইনে দুটি মামলা করেন।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন বলেন, র‌্যাবের করা মামলাগুলোর তদন্ত করে পুলিশ। তবে এক্ষেত্রে আমরা নিজেরা মামলাটির তদন্ত করার জন্য সরকারের কাছে আবেদন জানাব।

তদন্তের পাশাপাশি তাদের টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের জন্যও আবেদন করা হবে বলে জানান তিনি।

গত শনিবার বিকাল থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড় থেকে ‘ধর্মীয় উগ্রবাদীদের’ একটি আস্তানা বের করেছে র‌্যাব, যেখানে নিয়মিত জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হত বলে র‌্যাব কর্মকর্তারা দাবি করেছেন।

গরু, ভেড়া ও মুরগির খামারের আড়ালে ওই আস্তানা গড়ে তোলা হয় যেখানে ছিল ফায়ারিং জোনও।  

সেখান থেকে তিনটি একে ২২ রাইফের, একটি রিভলবার, ছয়টি পিস্তল ও দেশি তৈরি তিনটি বন্দুক উদ্ধার করা হয়।

এছাড়া বিভিন্ন ধরনের ৭৫২ রাউন্ড গুলি, ছয়টি একে -২২, নয়টি পিস্তলের ম্যাগজিন, তিনটি চাপাতি, দুইটি ওয়াকিটকি ও ২৩ সেট প্রশিক্ষণ পোশাক পাওয়া গেছে।