২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভারসাম্যহীন' যুবকের কোপে বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জ সদরে 'মানসিক ভারসাম্যহীন' এক যুবকের দায়ের কোপে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও তিনজন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2015, 09:01 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, সোমবার দুপুরে এ হামলায় নিহত ধীরেন্দ্র দাস (৬০) উপজেলার মাইজখাপন ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের মৃত মেঘা দাসের ছেলে।

আহতরা হলেন- কাচারিপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আজিজুল হক(২৪), স্থানীয় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা রায়হানুল আলম (৩৪) ও কাচারিপাড়া গ্রামের তৃপ্তি চক্রবর্তী (৫০)।

তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর স্থানীয়রা একই গ্রামের নূর আলীকে (২৫) মারধর করে পুলিশে দিয়েছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, দুপুরে বাড়ির সামনে গাছ কাটার সময় এক ব্যক্তির হাত থেকে জোর করে ধারালো দা ছিনিয়ে নিয়ে রাস্তায় বেড়িয়ে পড়ে নূর। এরপর সামনে কাউকে পাওয়া মাত্রই কোপানো শুরু করে।

প্রথমে তার হামলার শিকার হন আজিজুল হক। এরপর যথাক্রমে বৃদ্ধ ধীরেন্দ্র, স্থানীয় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা রায়হানুল ও গ্রামের তৃপ্তি চক্রবর্তী কুপিয়ে গুরুতর জখম করে।

নিজের বেগুন ক্ষেতে কাজ করার সময় ঘাড় ও মাথায় কোপের আঘাতে রক্তপাতের কারণে ঘটনাস্থলেই মারা যান ধীরেন্দ্র।

ওসি বলেন, এরপর লোকজন দলবদ্ধ হয়ে নূর আলীকে ধরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে হাসপাতালে পাঠায়।  

এলাকাবাসী জানান, চার মাস আগে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নূর আলী বিয়ে করেছিলেন। কিন্তু মানসিক সমস্যার কারণে মাস দুয়েক আগে তার স্ত্রী তাকে ছেড়ে যায়।

এ ব্যাপারে ওসি মোশারফ হোসেন জানান, নূর আলী মানসিক ভারসাম্যহীন কি না তা ডাক্তারি পরীক্ষার পরই নির্ধারণ হবে।