বিনিয়োগ বাড়াতে সুইডেনকে আহ্বান
বাংলাদেশে সুইডেনের আরও বিনিয়োগের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুইডেনের নতুন রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল সোমবার গণভবনে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী তাকে বলেন,
বাংলাদেশে সুইডেনের আরও বিনিয়োগ দরকার।
তিনি সুইডেনের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, “সুইডেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।”
ফ্রিসেল জানান, পরবর্তী সাত বছরের জন্য সুইডেন বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছে।
বাংলাদেশ ২০২১ সালে মধ্য আয়ের দেশে পরিণত হলেও সুইডেনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান রাষ্ট্রদূত।
১৯৭২ সাল থেকে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় সুইডেনের সহায়তা অব্যাহত থাকার জন্যও প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান।
সুইডেনের রাষ্ট্রদূত তৈরি পোশাক, সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্য এবং ওষুধ শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।
এর আগে ভারতের নৌ-বাহিনীর প্রধান অ্যাডমিরাল আর কে ধাওয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের নৌ-বাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বলে জানান শামীম চৌধুরী।
দু’দেশের নৌ-বাহিনীর মধ্যে ভালো সম্পর্কের কথা উল্লেখ করে অ্যাডমিরাল ধাওয়ান সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পংকজ সরণ এসময় উপস্থিত ছিলেন।
