আলীকদমে বাসে অস্ত্র উদ্ধার, আটক ৩
বান্দরবানের আলীকদম উপজেলায় একটি বাসে সেনা ও পুলিশ তল্লাশিতে দেশে তৈরি একটি বন্দুক (এলজি) উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে এ ঘটনায় বাসটির চালক আনোয়ার হোসেন, তার দুই সহকারী আবছার ও মনজুর আলমকে আটক করা হয়েছে।
আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম জানান, গোপন সংবাদ পেয়ে আলীকদম-ফাঁসিয়াখালী সড়কে সেনা বাহিনীর কানামাঝি ক্যাম্পের চেকপোস্টে চকরিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা মাতামূহুরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় বাসের ছাদ থেকে দেশে তৈরি একটি এলজি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাস চালকসহ বাসের দুই সহকারীকে আটক করা হয়েছে।
আটকদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান এসআই রহিম।
