রাজশাহীতে ২ শিবিরকর্মী গ্রেপ্তার, বোমা উদ্ধার
রাজশাহী শহর থেকে দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
তাদের কাছ থেকে অস্ত্র ও হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে র্যাব ও পুলিশ জানিয়েছে।
এরা হলেন- হাসিবুল ইসলাম (২১) ও ওহিদুর রহমান (১৮)।
সোমবার সকালে নগরীর রহরমপুর চরকুঠা মোড় থেকে ওহিদুর এবং রোববার গভীর রাতে নগরীর মির্জাপুর এলাকা থেকে হাসিবুলকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী র্যাবের এএসপি মির্জা গোলাম সারোয়ার জানান, গভীর রাতে নগরীর মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি রিভালবার, এক রাউন্ড গুলি ও চারটি হাতবোমাসহ হাসিবুলকে গ্রেপ্তার করা হয়।
হাসিবুল নাশকতার অভিযোগে দায়ের করা ১২টি মামলা এজাহারভুক্ত আসামি হাসিবুল।
এছাড়া গত ১৭ ফেব্রুয়ারি নগরীর বিনোদপুর এলাকায় ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ইয়ামিনের হাত-পায়ের রগ কাটার ঘটনায় হাসিবুল জড়িত থাকার তথ্য রয়েছে।
এএসপি সরোয়ার জানান, হাসিবুল কোর্ট ডিগ্রি কলেজের বিএসএস প্রথম বর্ষের ছাত্র এবং শিবিরের সক্রিয় কর্মী। তার বাড়ি নগরীর মতিহার থানাধীন পূর্ব মির্জাপুর এলাকায়।
নগরীর রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান বলেন, সকাল ১০টার দিকে নগরীর বহরমপুর চরকুঠা মোড়ে হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ ধাওয়া দিয়ে একটি হাতবামাসহ শিবিরকর্মী ওহিদুরকে গ্রেপ্তার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।
"পুলিশের গাড়িতে হামলা চালানোর জন্য বোমাটি কাছে রেখেছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ওহিদুর," বলেন ওসি মেহেদী।
ওসি জানান, ওহিদুর রাজশাহী নিউ গর্ভনমেন্ট ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।
