গাইবান্ধায় শ্রমিক লীগ নেতার বাড়িতে অগ্নিংসযোগ
গাইবান্ধার সাদুল্লাপুরে শ্রমিক লীগের এক নেতার বাড়ি পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার গভীর রাতে উপজেলা বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার জুয়েলের বাড়ির পাঁচটি ঘর পুড়ে গেছে।
গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক কোবাত আলী সরকার জানান, খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের কবল থেকে কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
রুহুল আমিন সরকার জুয়েল বলেন, রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে ছোট ভাই রুবেলের ঘরে আগুন ধরিয়ে দেয়। শব্দ পেয়ে জেগে উঠার আগেই বাড়ির অন্য চারটি ঘরে আগুন ছড়িয়ে পড়লে আর্তচিৎকারে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করে।
বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাউয়ুম হুদা বলেন, আগুনে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ ও মূল্যবান আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। শুধু তাদের পরনের কাপড় ছাড়া আর কোনো কিছু আগুন থেকে রক্ষা পায়নি।
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে।
