২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতার দোকানে পেট্রোল বোমা

২০ দলের অবরোধ-হরতালের মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির এক নেতার দোকানে অভিযান চালিয়ে পেট্রোল বোমা ও হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 10:59 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

গ্রেপ্তার এক ছাত্রদল নেতাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জোরারগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।  

তিনি বলেন, রোববার ভোরে মিরসরাইয়ের বারৈয়ারহাট গাছ মার্কেটে বিএনপি নেতা মাইনুদ্দীন লিটনের দোকান থেকে ছয়টি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

এর আগে রোববার রাতে খালপাড় এলাকা থেকে ছাত্রদলকর্মী মো. রিপনকে গ্রেপ্তার করে পুলিশ। রিপন (১৯) জোরারগঞ্জ উত্তর জামালপুর এলাকার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে।

“তার দেখানো মতে লিটনের মালিকাধীন ‘মাইশা ফর্নিচার অ্যান্ড টিম্বার মার্ট’ থেকে পাঁচটি ককটেল ও ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।”

এসআই শফিক বলেন, রিপন বিভিন্ন সময়ে জোরারগঞ্জ এলাকায় নাশকতার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জেলা বিচারিক হাকিম আদালতে জবানবন্দি দিয়েছে।

“জবানবন্দিতে রিপন বিএনপি নেতা লিটনের নির্দেশে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ এলাকায় নাশকতা ঘটনা ঘটত বলে জানায়।”