২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুকে কটূক্তি: জামায়াত নেতা রফিকুলের ছেলে রিমান্ডে

ফেইসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে জামায়াতের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানের ছেলে রিফাত আবদুল্লাহ খানকে জিজ্ঞাসাবাদে তিন দিনের গোয়েন্দা হেফাজতের অনুমতি দিয়েছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 10:07 PM

Updated : 25 Apr 2022, 01:03 PM

রোববার বিকালে ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এই আদেশ দেন। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান তাকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড চান।

মহানগর পুলিশের অপরাধ তথ্য ও গোয়েন্দা বিভাগের অতিরিক্তি উপ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান, পল্লবী থানায় গত ২১ ফেব্রুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা এক মামলায় গোয়েন্দা পুলিশ ওইদিনই তাকে মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করে।

রিমান্ড আবেদনে বলা হয়, ফেইসবুকে রিফাত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন এবং স্থানীয় পুলিশ কর্মকর্তাদের হুমকি দেন।

মামলার বাদী হিসাবে রয়েছেন, গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক তোফাজ্জল হোসেন।

এদিকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মোহাম্মদপুর থানার একটি মামলায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হানিফকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মহানগর হাকিম তসরুজ্জামান তার তিন দিনের হেফাজত মঞ্জুর করেন।

মহানগর পুলিশের অপরাধ তথ্য ও গোয়েন্দা বিভাগের অতিরিক্তি উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান, হানিফকে বনানী ডিওএইচ এলাকা থেকে শনিবার সকালে আটক করা হয়।