২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নার্সিং শিক্ষার্থীদের অনশনের হুমকি

বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নিয়ে শিক্ষাজীবন রক্ষার পদক্ষেপ না নিলে আমরণ অনশনের হুমকি দিয়েছে চট্টগ্রামের নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 09:20 PM

Updated : 22 Aug 2022, 11:46 AM

‘শিক্ষাজীবন হুমকির মুখে পড়া’ ৯৬ শিক্ষার্থীর পক্ষে রোববার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় চট্টগ্রাম ‍নার্সিং কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

সংগঠনের সভাপতি রাকিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্তৃপক্ষের বিশৃঙ্খল একাডেমিক ক্যালেন্ডার ও অব্যবস্থাপনার কারণে ২০১১-১২ ও ২১০১২-১৩ সেশনের প্রথম বর্ষের ৫৩ জন শিক্ষার্থী ও ২০০৮-০৯ ও ২০০৯-১০ সেশনের তৃতীয় বর্ষের ৪৩ জন শিক্ষার্থীসহ মোট ৯৬ জন শিক্ষার্থীর জীবন আজ হুমকির মুখে।

“আগামী সোমবার আমরা নগরীর প্রবর্তক মোড়ে অবস্থান কর্মসূচি পালন করব। এরপর কর্তৃপক্ষ যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরণ অনশনে যাবে নার্সিং কলেজের ৫৩০ শিক্ষার্থী।”

২০১৪ সালের ২০ অক্টোবর দুই শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষায় ফলাফল বিপর্যয ঘটানোর অভিযোগ তুলে তাদের অপসারণের আন্দোলনে যায় শিক্ষার্থীরা।

সে বছর প্রথম ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা নার্সিং কলেজের অভিযুক্ত দুই শিক্ষিকা হোসনে আরা ও রুবি দত্তের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকে ৯৬ জন শিক্ষার্থীরা।

চলতি ‍মাসের ২৬ ফেব্রুয়ারি বিএসসি ইন নার্সিং কোর্সের ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এর আগে বিশেষ ব্যবস্থায় প্রথম ও তৃতীয় বর্ষের ৯৬ জন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার অনুরোধ জানান রাকিবুল।

রাকিবুল হোসেন বলেন, “বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নিতে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদনও করেছি গত ৮ ফেব্রুয়ারি। আমরা আশা করছি আমাদের শিক্ষাজীবন রক্ষায় কর্তৃপক্ষ আমাদের প্রতি সদয় হবেন।”