ধর্ষণের সালিশকারীরা গ্রেপ্তার
গাজীপুরে এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা সালিশে মীমাংসা করায় জড়িত চারজনকে হাই কোর্টে হাজিরের পর ‘ধর্ষককে’ গ্রেপ্তার করতে ফের পুলিশকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
রোববার সালিশকারী চারজনের সঙ্গে ধর্ষণে অভিযুক্ত সুজন মাহমুদকেও ধরে আনতে পুলিশের প্রতি নির্দেশ ছিল আদালতের।
কিন্তু অভিযুক্ত পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানানোর পর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ ফের এই নির্দেশ দেয়।
গাজীপুরের কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক সালিশকারী চারজনকে আটক করে আদালতে নিয়ে যান। এরা হলেন- আনোয়ার হোসেন ওরফে আনার উদ্দিন, আমির হোসেন, রনি ও নাহিদ।
আদালতে রাষ্ট্রপক্ষে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, “আদালত ‘ধর্ষক’ শিক্ষক সুজন মাহমুদসহ জড়িত অন্যদের গ্রেপ্তার করতে বলেছেন। পাশাপাশি ঘটনার শিকার ছাত্রী ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।”
আসামি গ্রেপ্তার ও মামলা হওয়ার হাই কোর্ট রুলটি নিষ্পত্তি করে দিয়েছে বলেও জানান সরকারি এই আইন কর্মকর্তা।
পুলিশ কর্মকর্তা ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চার আসামিকে আদালতে হাজির করেছি। বিস্তারিত পরিস্থিতি জানানোর পর হাই কোর্ট ধর্ষণের অভিযোগ উঠা শিক্ষককে গ্রেপ্তার করতে বলেছেন।”
গ্রেপ্তার চারজনকে বিচারিক আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ধর্ষণের ঘটনা সালিশে মীমাংসা করা সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে গত ১৭ ফেব্রুয়ারি হাই কোর্টের এই বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এক আদেশে সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে বলে।
এ বিষয়ে গত ১৬ ফেব্রুয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ‘ধর্ষণের মীমাংসা সালিশে’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গ্রাম্য সালিশে এক শিক্ষককে জুতাপেটা ও জরিমানা করে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মীমাংসা করা হয়েছে।
ওই প্রতিবেদনে স্থানীয় এক ব্যক্তির বরাত দিয়ে বলা হয়, “ভান্নারা এলাকার ড্যাফোডিল আইডিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সুজন মাহমুদ ওই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে কয়েকদিন আগে ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি কাউকে না জানাতে মেয়েটিকে ভয়ভীতিও দেখান ওই শিক্ষক।”
পরে বিষয়টি জানাজানি হলে এটা নিয়ে সালিশ হয়, যেখানে ‘ধর্ষক’ শিক্ষককে জুতাপেটা এবং ওই ছাত্রীর পরিবারকে দেড় লাখ টাকা দেওয়ার রায় দেন স্থানীয় মাতুব্বর আনোয়ার উদ্দিন, আবুল হাশেম, মোশারফসহ কয়েকজন। রায়ের পর সুজনকে কয়েক ঘা জুতাপেটা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
গত সোমবার ভোর রাতে ‘ধর্ষক’ শিক্ষক সুজন মাহমুদ দলবল নিয়ে গিয়ে ছাত্রীর বাবাকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে গ্রামের বাড়ি বরিশাল পাঠিয়ে দেন বলেও অভিযোগ পাওয়া যায়।
হাই কোর্টের আদেশের পর গত মঙ্গলবার ধর্ষণের শিকার ছাত্রীর চাচি মামলা করেন। ওই মামলায় কালিয়াকৈর উপজেলার পশ্চিম ভান্নারা গ্রামের শুকুর আলীর ছেলে সুজন মাহমুদ (৩০), আনোয়ার হোসেন ওরফে আনার উদ্দিন, আমির হোসেন, মাতবর আবুল হাশেম, আবুল মিয়া, হাজী মো. হামিদ ও মোশারফ হোসেনকে আসামি করা হয়।
