২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের মীমাংসা সালিশে: ২ মাতবর গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে গ্রাম্য সালিশে ধর্ষণের বিচারকারী দুই মাতবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 08:02 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার ছাত্রীর চাচির করা মামলায় ধর্ষণকারীর সঙ্গে ওই দুই মাতবরকেও আসামি করা হয়।

এরা হলেন আনোয়ার হোসেন ওরফে আনার উদ্দিন ও আমির হোসেন।

মামলার আরও পাঁচ আসামি রয়েছেন। তারা হলেন কালিয়াকৈর উপজেলার পশ্চিম ভান্নারা গ্রামের শুকুর আলীর ছেলে কথিত ধর্ষক সুজন মাহমুদ (৩০), মাতবর আবুল হাশেম, আবুল মিয়া, হাজী মো. হামিদ ও মোশারফ হোসেন।

এ ঘটনায় সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশিত হয়।

কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, এ ঘটনায় ধর্ষিতার চাচি বাদী হয়ে ধর্ষকসহ স্থানীয় মাতাব্বরদের নামে মামলা দায়ের করেছেন।

মামলার এজহারভুক্ত দুই আসামিকে মঙ্গলবার ভান্নারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

স্থানীয় আকবর আলী জানান, ভান্নারা এলাকার ড্যাফোডিল আইডিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সুজন মাহমুদ নিজ স্কুলের ৯ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন।

পরে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে রোববার রাতে স্থানীয় মাতবর আনার উদ্দিন, আবুল হাশেম, আমির হোসেন, আবুল মিয়া, হাজী মো. হামিদসহ আরও কয়েকজন আনার উদ্দিনের বাড়িতে সালিশের আয়োজন করেন।

সালিশে তারা ধর্ষক সুজন মাহমুদকে জুতাপেটার পাশাপাশি দেড় লাখ টাকা জরিমানার রায় দেন।

আকবর আলী আরও জানান, ধর্ষকের পরিবার জরিমানার দেড় লাখ টাকা পরদিন সোমবার সকাল ১১টার মধ্যে ধর্ষিতার পরিবারকে দেওয়ার সময় নেন মাতবরদের কাছ থেকে।

এদিকে, সকাল হওয়ার আগেই সোমবার ভোর রাতে ধর্ষক তার লোকজন নিয়ে ধর্ষিতাসহ তার বাবাকে মারপিট করে এলাকা ছাড়া করে দেয়।

এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

পরে কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক ফোর্সসহ এলাকায় গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতার পান বলে জানান আকবর আলী।

পুরনো খবর:

ধর্ষণের মীমাংসা সালিশে