২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের মীমাংসা সালিশে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গ্রাম্য সালিশে এক শিক্ষককে জুতাপেটা ও জরিমানা করে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মীমাংসা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 08:39 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

রোববার রাতে উপজেলার ভান্নারা এলাকায় এ সালিশের পর ওই ছাত্রী ও তার পরিবারকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “ভান্নারা এলাকার ড্যাফোডিল আইডিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সুজন মাহমুদ ওই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে কয়েকদিন আগে ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি কাউকে না জানাতে মেয়েটিকে ভয়ভীতিও দেখান ওই শিক্ষক।”

পরে বিষয়টি জানাজানি হলে সুজন ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় মাতবরদের আশ্রয় নেন। মাতবররা তার পক্ষ নিয়ে বিষয়টি ধামাচাপা দিতে রোববার রাতে ভান্নারা এলাকার আনোয়ার উদ্দিনের বাড়িতে সালিশের আয়োজন করেন।

সালিশে ‘ধর্ষক’ শিক্ষককে জুতাপেটা এবং ওই ছাত্রীর পরিবারকে দেড় লাখ টাকা দেওয়ার রায় দেন স্থানীয় মাতবর আনোয়ার উদ্দিন, আবুল হাশেম, মোশারফসহ কয়েকজন। রায়ের পর সুজনকে কয়েক ঘা জুতাপেটা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ সময় তিনি জরিমানার টাকা দিতে পরের দিন সোমবার বেলা ১১টা পর্যন্ত সময় নেন বলেও জানান আকবর।

আকবর অভিযোগ করেন, সোমবার ভোর রাতে ‘ধর্ষক শিক্ষক সুজন মাহমুদ’ তার লোকজন নিয়ে ছাত্রীর বাবাকে মারধর করে ভয়তীতি দেখিয়ে গ্রামের বাড়ি বরিশাল পাঠিয়ে দেন।

ড্যাফোডিল আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনার পর সুজন মাহমুদকে স্কুলে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। ওই ঘটনার পর থেকে ওই ছাত্রীও স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।

ভান্নারা এলাকার মাতবর আনোয়ার হোসেন ও আবুল হাশেম বলেন, ছাত্রী র্ধষণের ঘটনায় গত রোববার রাতে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশে ধর্ষক শিক্ষককে জুতাপেটা ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সালিশে ওই শিক্ষককে জুতাপেটা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “জরিমানার দেড় লাখ টাকা সোমবার দেওয়ার কথা ছিল। কিন্তু শুনেছি ধর্ষিতার পরিবার নাকি টাকা নিতে আসেনি।”

ওই ছাত্রীর পরিবারকে মারধর করার বিষয়ে তিনি বলেন, লোক মারফত জানতে পেরেছেন ছাত্রী ও তার বাবাকে নাকি রাতে মারধর করা হয়েছে এবং গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় মৌচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তমিজ উদ্দিন বলেন, “ধর্ষণের বিষয়টি শুনেছি। তবে সালিশ বসিয়ে মীমাংশা করা হয়েছে কি না তা আমার জানা নেই।”

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, “ধর্ষণের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”