রাষ্ট্রপতির সঙ্গে নাইজেরিয়ার দূতের বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নাইজেরিয়ার অনাবাসিক হাইকমিশনার দুবুইসি ভি আমাকু।
রোববার বিকালে বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বাংলাদেশ-নাইরেজিয়ার বিদ্যামান দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।”
আবদুল হামিদ বলেন, বাংলাদেশের বিকাশমান ওষুধ শিল্প রয়েছে। বিশ্বের ৭০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। নাইজেরিয়া বাংলাদেশ থেকে ওষুধের পাশাপাশি তৈরি পোশাক, সিমেন্ট, পাট, সিরামিক এবং চামড়াজাত পণ্য নিতে পারে।
বাংলাদেশে নাইরেজিয়ার শিক্ষার্থীরা পড়াশোনা করছে বলে রাষ্ট্রপতিকে এ সময় জানান বিদায়ী দূত। তিনি আরও বলেন, কৃষি ও তথ্য প্রযুক্তি খাতে দুই দেশ একসাথে কাজ করতে পারে।
নাইরেজিয়ার দূত এসময় তার কর্মকালে সার্বিক সহযোগিতার জন্য আবদুল হামিদকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা এসময় উপস্থিত ছিলেন।
