২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ

সিরাজগঞ্জ শহরে সিজারকালে ‘ভুল চিকিৎসায়’ এক নারীর মৃত্যু হয়েছে বলে তার স্বজনরা অভিযোগ করেছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 03:21 PM

Updated : 12 Oct 2022, 03:19 PM

মৃত শহিদা খাতুন (৩০) সদর উপজেলার খোকসাবাড়ি গ্রামের ইয়ারব আলীর স্ত্রী।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের গোসালা রোডে সিরাজগঞ্জ পৌরসভা পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেসের ডেলিভারি প্রকল্পের ‘নগর মাতৃসদন কেন্দ্রে’ তিনি মারা যান বলে জেলার সিভিল সার্জন শামস উদ্দিন জানিয়েছেন।

মৃতের মা বেমলা বেগম বলেন, “সন্তান প্রসবের জন্য আট হাজার টাকা চুক্তিতে শনিবার সকালে গর্ভবতী শহিদাকে সেখানে ভর্তি করা হয়। সন্ধ্যা ৬টার দিকে সেখানকার চিকিৎসক কমল কান্তি দাস তাকে অজ্ঞান করেন এবং গাইনি চিকিৎসক ফারহানা হোসাইন অস্ত্রোপচার করেন।

“অপারেশনের পর রোগীকে বেডে আনা হলেও রাত ৯টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। এরপর অজ্ঞান অবস্থায় ওই প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্সে করে আমার মেয়েকে সদর হাসপাতালে পাঠানো হয়।”

ওই নারীকে মৃত অবস্থায় সদর হাসপাতালে আনা হয় বলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক রোকন উদ্দিন জানিয়েছেন।

শহিদার নবজাতক সন্তানটি বেঁচে আছে বলে জানান বেমলা বেগম। তার আরও তিনটি সন্তান রয়েছে।

এ ব্যাপারে ‘নগর মাতৃসদন কেন্দ্রে’ যোগাযোগ করা হলে চিকিৎসকদের কাছে পরস্পরবিরোধী তথ্য পাওয়া যায়।

সেখানকার চিকিৎসক ইসমত নিগার স্বপ্না বলেন, “অপারেশনের পর গর্ভবতীদের বেডে আনা হলে সাধারণত কথা বলে ও জ্ঞান থাকে। কিন্তু শহিদাকে বেডে আনার পর রাত সাড়ে ৯টা পর্যন্ত তার জ্ঞান ছিল না। শরীর, হাত-পা ক্রমশ ঠাণ্ডা ও নিস্তেজ হয়ে আসছিল। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়।”

তবে কেন্দ্রের অ্যানেসথেসিয়া চিকিৎসক কমল কান্তি দাস মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোগীর সার্বিক অবস্থা ভালো রেখে এসেছি। মনে হয় পরবর্তীতে যারা ডিউটিতে ছিল তারা ফলোআপ করেনি। সে কারণে রোগীর মৃত্যু হয়েছে।”

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন শামস উদ্দিন।