গাজীপুরে সরকারি অফিস এলাকায় ‘বোমা সদৃশ বস্তু’
গাজীপুরে ভাওয়াল রাজবাড়ীর ভেতরে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে জেলা হিসাবরক্ষণ অফিসের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখা পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোমা সদৃশ বস্তু দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। গোয়েন্দা পুলিশ এলাকাটি ঘিরে রেখে সেটি উদ্ধার করে। সেটি বোমা কি না তা পরীক্ষার পর বলা যাবে।”
ঘটনাস্থলের পশ্চিম পাশে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা নির্বাচন অফিস, উত্তর পাশে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখা রয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
