ময়মনসিংহে রওশনের বাড়ির সামনে ককটেল, গুলিবিদ্ধ ১
অবরোধের মধ্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ময়মনসিংহের বাড়ির সামনে হাতবোমা ছোড়ার পর পুলিশের গুলিতে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতা আহত হয়েছেন।
গুলিবিদ্ধ নুরুজ্জামান স্বেচ্ছাসেবক দলের ময়মনসিংহের কোতোয়ালি থানা শাখার যুগ্ম আহ্বায়ক। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার মধ্যরাতে ময়মনসিংহ শহরের টাউন হল মোড়ে রওশনের বাসভবনের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি আবু মো. ফজলুল করিম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নুরুজ্জামানসহ কয়েকজন রাত ১টার দিকে রওশন এরশাদের বাসভবনের সামনে পুলিশকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করলে একটির বিস্ফোরণ ঘটে।
“এসময় পুলিশ গুলি চালালে নুরুজ্জামান গুলিবিদ্ধ হয়। পরে তাকে আটক করে হাসপাতালে নেওয়া হয়।”
এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত দেড় মাসের বেশি সময় ধরে অবরোধ চালিয়ে আসছে বিএনপি-জামায়াত জোট।
অবরোধের মধ্যে প্রায় প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছে।
নাশকতার এসব ঘটনায় আগুন, বোমায় দগ্ধ হয়ে অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
‘সহিংসতা’ থেকে বেরিয়ে গণতান্ত্রিক রাজনীতিতে আসার জন্য বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানিয়েছেন রওশন, যিনি বিএনপিবিহীন দশম জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হয়েছেন।
সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের স্ত্রী রওশন রাজধানীর গুলশান-২ নম্বরে থাকেন। বাবার বাড়ি ময়মনসিংহে গেলে টাউন হল মোড়ের ওই বাসায় থাকেন তিনি।
