২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মমতার সফরই একটা অর্জন’

ঢাকা সফরে ‘এক প্রশ্নে’ ঘুরপাক খেতে হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ তিস্তার জল যে ‘ঘোলা’ হয়েছে তার বিরোধিতার মুখেই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2015, 01:24 AM

Updated : 25 Apr 2022, 01:03 PM

৪৮ ঘণ্টার ঢাকা সফরে তাই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমনকি সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ব্যবসায়ীরাও তার কাছে যা জানতে চেয়েছেন তার মোদ্দা বিষয় ‘ওই তিস্তার জল’।

চার বছর পেছনে ফিরে গেলে দেখা যায়, মমতা বিরোধিতার মুখেই আটকে যায় তিস্তা চুক্তি। একই কারণে দীর্ঘদিন আটকে আছে স্থল সীমান্ত চুক্তিটাও।

আর তাই তৃণমূল কংগ্রেস নেত্রীর ‘নাতিদীর্ঘ’ এই সফর বেশ গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছিল।

যাওয়ার আগেও তিনি আশা দিয়ে গেলেন। বলে গেলেন, ‘উদ্বিগ্ন হবেন না, আস্থা রাখুন।’ আরও বললেন, ঢাকা ও দিল্লির মধ্যে বিরাজমান বিভিন্ন সমস্যার সমাধান ‘পথ খুঁজে পাবেন এই সফর থেকে।

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার এবং ১৭ বছর পর ঢাকায় এই সফরে কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী, সাংবাদিকদের নিয়ে আসেন মমতা। 

সফরের বিভিন্ন বৈঠক ও আলোচনার সূত্র ধরে তিনি বলেন, “আমি মনে করি, যতগুলো কাজ হয়েছে, আলোচনা হয়েছে, যতগুলো চ্যাপ্টার ওপেন হয়েছে, অনেক দরজা খুলেছে, ইটস এ নিউ বিগিনিং (নতুন সূচনা)।”

ঢাকা ছাড়ার পরও বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের আলাপেও উঠে এল অর্জনের প্রসঙ্গ।

“এই সফরে কি পেল বাংলাদেশ? ঢাকা-দিল্লির সম্পর্কে কি কোনো মাত্রা দেবে এই সফর?” জবাবটা এল ভারতের ডেপুটি হাই কমিশনার সন্দ্বীপ চট্টোপাধ্যায়ের মুখ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরটাই ছিল একটি অর্জন।”