২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসির একুশে সম্মাননা ও সাহিত্য পুরস্কার প্রদান

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মোট ১৬ গুণীজনকে একুশে সম্মাননা ও সাহিত্য পুরস্কার দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 09:56 PM

Updated : 22 Aug 2022, 11:45 AM

শনিবার বিকালে নগরীর মুসলিম ইনস্টিটিউট চত্বরে আয়োজিত একুশে বই মেলার মুক্ত মঞ্চে এ সম্মাননা দেওয়া হয়।

একুশে সম্মাননার জন্য মনোনীত ১১ জন ও সাহিত্য পুরস্কারপ্রাপ্ত পাঁচজনকে স্মারক তুলে দেন সিটি মেয়র মনজুর আলম।

অনুষ্ঠানে প্রধান আলোচক অধ্যাপক অনুপম সেন বলেন, একুশ আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্মনিরপেক্ষতার প্রতীক।

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সম্মাননা প্রদানের সিসিসির উদ্যোগকে স্বাগত জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মনজুর আলম বলেন, মহান একুশে বাঙালির জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। রাষ্ট্রীয়ভাবে মহান একুশে পদক ও স্বাধীনতা পদক অনেক গুনীজন পেয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় সিসিসিও একুশে সম্মাননা ও সাহিত্য পুরস্কার দিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বই মেলা আয়োজন উপ-কমিটির আহ্বায়ক সিসিসির ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী।

‌এবার সিসিসির একুশে সম্মাননা পেয়েছেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু এবং বিএনপি নেতা প্রয়াত এল কে সিদ্দিকী।

সাংবাদিকতায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ, ক্রীড়াক্ষেত্রে আবদুল জব্বার সওদাগর (মরণোত্তর), শিল্প ও বাণিজ্যে কে ডি এস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান এবং সমাজ সেবায় মনোনীত তিন জন হলেন জানে আলম দোভাষ (মরণোত্তর), শাহজাদা ফউজুল আলী খান (মরণোত্তর) ও সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরী।

শিক্ষায় অবদানের জন্য বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান, আইন পেশায় অবদানের আইনজীবী মোহাম্মদ কবির চৌধুরী ও সংস্কৃতিতে অবদানের জন্য মলয় ঘোষ দস্তিদার সম্মাননা পেয়েছেন।

এছাড়া সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য পাঁচটি বিভাগে পাঁচ জনকে মনোনীত করে সিসিসি।

তারা হলেন কবিতায় ময়ুখ চৌধুরী, প্রবন্ধ ও গবেষণায় ড. মনিরুজ্জামান, কথা সাহিত্যে বিশ্বজিৎ চৌধুরী, বিশ্বসাহিত্যে সিদ্দিক আহমেদ ও শিশু সাহিত্যে ইকবাল বাবুল।

মরণোত্তর সম্মাননা প্রাপ্তদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা স্মারক গ্রহণ করেন।