পাহাড়ে একুশের অন্য সুর
মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকারের দাবি জানিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়েছে পাহাড়ে।
শনিবার খাগড়াছড়িতে ‘মাতৃভাষা ও সংস্কৃতি বিকাশের আন্দোলন দীর্ঘজীবী হোক’ স্লোগান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ।
জেলা শহরের মিলনপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চেংগি স্কয়ার চত্বরে এসে শেষ হয়।
পরে লারমা চত্বরে আন্তজাতিক মাতৃভাষা উদযাপন কমিটির আহ্বায়ক রুপম চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির জেলা সভাপতি প্রীতিময় চাকমা।
সমাবেশে তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে দুই যুগের বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি সম্পাদিত হয় ।চুক্তির শর্ত অনুযায়ী পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগুলোর নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর কথা থাকলেও তা আজও বাস্তবায়ন হয়নি।”
পাহাড়ি ছাত্রপরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমর সিং চাকমা অভিযোগ করেন, ক্ষুদ্র জাতিগুলোর ভাষা সংরক্ষণের সরকারি উদ্যোগ না থাকার কারণে ভাষাগুলো হারিয়ে যাচ্ছে ।
“বাংলা আমাদের রাষ্ট্রভাষা, কিন্ত্র ক্ষুদ্র ক্ষুদ্র জাতির মাতৃভাষা নয় ।আমরা পার্বত্য চট্রগ্রামে বসবাসরত ক্ষুদ্র জাতি গোষ্ঠী চাকমা, মারমা, ত্রিপুরাসহ ১১টি জাতি নিজ নিজ মাতৃভাষায় পড়তে চাই।”
সমাবেশে বক্তব্য রাখেন বাঘাইছড়ি পাহাড়ি ছাত্রপরিষদের সভাপতি সুমেধ চাকমা, জনসংহতি সমিতির জেলা সহ-সভাপতি জ্ঞানপ্রিয় চাকমা।
সমাবেশে বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী ক্ষুদ্র জাতি গোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় শিক্ষা লাভের সুযোগ দেওয়ার দাবি জানান।
১৯৫২ সালে নিজের ভাষার অধিকার আদায়ে বাঙালির রক্ত ঝরানোর দিন ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বে স্বীকৃত। এই দিনটিতে বিভিন্ন বার্তায় বিশ্বের সব ভাষাগুলো রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ।
