জয়পুরহাটে দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত
জয়পুরহাট সদর উপজেলায় অটোরিকশার ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাকুরতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ফিরোজ হোসেন (৩৮) জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জ বাজারের বাসিন্দা। তিনি জয়পুরহাট বিসিক শিল্প নগরীতে অবস্থিত রাফিদ ফিড মিল নামে একটি কারখানার ব্যবস্থাপক ছিলেন।
জয়পুরহাট সদর থানার এসআই মুমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ফিরোজ তার বাড়ি জামালগঞ্জ থেকে মোটর সাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি অটো রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ফিরোজ ঘটনাস্থলেই মারা যান।
