‘ভাষা শহীদ পরিবারের ভর্তি ও চাকরিকোটা চাই’
শহীদ আবুল বরকতের পরিবারের সদস্যরা সকল ভাষা শহীদ বংশধরদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও চাকরিতে কোটা রাখার দাবি জানিয়েছেন।
শুক্রবার গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকায় বরকত মঞ্জিলে শহীদ আবুল বরকতের ভাতিজা আলাউদ্দিন বরকত ও তার পরিবারের সদস্যরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধির সঙ্গে কথা বলেন।
বরকতের আরেক ভাতিজা জালাল উদ্দিন বরকত ও তার মেয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্রী রাইসা জাহান বরকত মুক্তিযোদ্ধার বংশধরদের মতো ভাষা শহীদের বংশধরদেরও উচ্চ শিক্ষায় ভর্তি ও সরকারি চাকরিতে কোটা রাখা দাবি জানান।
আইনুদ্দিন বরকত বলেন, ২০০৬ সাল থেকে তাদের ভাষা শহীদদের পরিবারকে সরকারিভাবে প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে মাসিক কল্যাণ ভাতা দেওয়া শুরু হয়। বর্তমান সরকার তা বাড়িয়ে ১০ হাজার টাকা করে।
তবে, টাকা পাওয়ার ব্যাপারে তারা হয়রানির শিকার বলে অভিযোগ করেন।
তাদের অভিযোগ, সরকারি ভাতা তারা প্রতিমাসে পান না। এক বছর পর পর তাদের কাছে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ভাতা উত্তোলনের চিঠি আসে। পরে তা ট্রেজারি অফিসের মাধ্যমে জেলা প্রশাসকের একাউন্টে যায় এবং জেলা প্রশাসকের কাছে আবেদন করে ওই ভাতার চেক তুলতে হয়।
এ টাকা পেতে তাদের সংশ্লিষ্ট অফিসে তাগাদা ও তদবির করতে হয় বলে জানান আইনুদ্দিন।
তিনি জানান, দুবছর আগে শুধু ট্রেজারি অফিসে ফরম পূরণ করে কল্যাণ ভাতার চেক পাওয়া যেত। কিন্তু ২০১৩ সাল থেকে ওই টাকা জেলা প্রশাসকের হিসাবে যায় এবং সেখান থেকে তা আবেদন করে তুলতে হয়।
হয়রানি দূর করার জন্য সরাসরি তাদের ব্যাংক একাউন্টে ভাতার টাকা পাঠানোর অনুরোধ করেন তিনি।
বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা
আবুল বরকতের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের দক্ষিণে ও পলাশী বাজারের পাশে ৩৩ শতাংশ জায়গার উপর একটি জাদুঘর নির্মাণ করা হয়।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম জানান, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শুক্রবার থেকে ভাওয়াল রাজবাড়ি মাঠে দুই দিনের বই মেলা, শনিবার (২১ ফেব্রুয়ারি) শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা ও শহীদ বরকতের মায়ের কবর জিয়ারত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গাজীপুর সদর উপজেলার চান্দনা গ্রামে পারিবারিক উদ্যোগে ‘বরকত স্মৃতি সরণি’ নামের একটি রাস্তার নামকরণ করা হয়েছে।
এছাড়া তাদের পারিবারিক উদ্যোগে ‘ভাষা শহীদ স্মৃতি সংঘ’ নামে একটি সংগঠনও গড়ে তোলা হয় বলে আলাউদ্দিন জানান।
বরকতের স্মরণে অনুষ্ঠান
আলাউদ্দিন বরকত জানান, শহীদ আবুল বরকতের স্মরণে শনিবার (২১ ফেব্রুয়ারি) বাদ জোহর তাদের পরিবারের পক্ষ থেকে গাজীপুর সিটি করপোরেশনের নলজানি এলাকায় বরকতের মায়ের কবরের পাশে কোর-আন তেলাওয়াত, মিলাদ ও দুস্থঃদের ভোজনের আয়োজন করা হয়েছে।
এছাড়া বরকতের জন্মভূমি ভারতের মুর্শিদাবাদের ভরতপুর থানার বাবলা গ্রামে ২০ ফেব্রুয়ারি থেকে আয়োজন করা হয়েছে বরকত মেলা।
২০০১ সালে বাংলা আন্তর্জাতিক ভাষা হিসেবে মর্যাদালাভের পর থেকে প্রতিবছর বাবলা গ্রামে সাত দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
আলাউদ্দিন আরও জানান, বরকত শহীদ হওয়ার পর সম্পত্তি বিনিময় করে তাদের পরিবার চলে আসে গাজীপুরে। ১৯৬৮ সাল থেকেই তাদের পরিবারের সদস্যরা গাজীপুর সদর উপজেলার চান্দনা গ্রামে বসবাস করছেন।
পার্শ্ববর্তী নলজানি গ্রামে রয়েছে শহীদ বরকতের মা হাসিনা বিবির কবর।
৩৫ বছর আগে সরকার বরকতের পরিবারকে গাজীপুরের নলজানী এলাকায় কিছু জমি প্রদান করে। ওই জমিতে বর্তমানে তারা বসবাস করছেন।
জন্ম ও শিক্ষাজীবন
আবুল বরকত ১৯২৭ সালের ১৬ই জুন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল আবাই। বাবার নাম শামসুজ্জোহা।
১৯৪৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নতকে (সম্মান) ভর্তি হন। ১৯৫১ সালে তিনি স্নাতকে (সম্মান) দ্বিতীয় শ্রেণিতে চতুর্থ স্থান লাভ করেন এবং এমএ শেষ পর্বে ভর্তি হন।
মৃত্যু
রাষ্ট্রভাষা বাংলা চালুর দাবিতে ১৯৫২ সাল ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্রজনতা মিছিলে পুলিশ গুলি চালায়। সেই সময় আবুল বরকত গুলিবিদ্ধ হন।
ওইদিন রাত ৮টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ওই রাতেই আজিমপুর পুরাতন গোরস্থানে আবুল বরকতের লাশ দাফন করা হয়।
২০০০ সালে শহীদ আবুল বরকতকে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়।
গাজীপুরে বরকত মঞ্জিল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দানা চৌরাস্তা থেকে রিকশায় গাজীপুরের শহরের দিকে কিছুদূর গেলেই চান্দনা নলজানী এলাকা। সেখানেই সড়কের উত্তর পাশে রয়েছে বরকতের মা হাজী হাসিনা বিবির কবরস্থান। এর একটু পূর্বদিকে গেলেই চোখে পড়বে ভাষা শহীদ বরকত সরণি। সেখানেই রয়েছে তাদের বাড়ি। বাড়ির নাম বরকত মঞ্জিল।
