সীমান্তে দুর্বৃত্তের হামলা, বিএসএফের দুঃখ প্রকাশ
নীলফামারীর ডিমলা সীমান্তের এপারে এক কৃষকের বাড়িতে ভারতীয় দুর্বৃত্তরা হামলা ও লুটপাট চালিয়েছে। এতে ওই কৃষক ও তার ছেলে জখম হয়েছেন।
থানার হাট বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার হাফিজ উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদীর কিসামত ছাতনাই চর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আবু তাহের (৫৫) ও তার ছেলে রফিকুল ইসলামকে (২৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে তারা।
হাবিলদার হাফিজ জানান, এ ঘটনায় দুদেশের সীমান্তে উত্তেজনা দেখা দিলে শুক্রবার সকালে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়েছে।
তিনি বলেন, বৈঠকে ভারতের পক্ষ থেকে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বাংলাদেশি কৃষকের লুট করে নেওয়া গরু তদন্ত করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ।
খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিস্তা নদীর ভারতীয় ফখরতের চরের একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে বাংলাদেশের কিসামত চরের বাসিন্দা কৃষক আবু তাহেরের বাড়িতে হামলা চালায়।
তারা আবু তাহের ও তার ছেলে রফিকুলকে কুপিয়ে জখম করে এবং বাড়ির মালামালসহ তিনটি গরু লুট করে নিয়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাদের তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিজিবি কর্মকর্তা জানান, পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে তিস্তা ধাবস্তি ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার এসি মুজিব আজাদ খান, শিঙ্গপাড়া পুলিশ ফাঁড়ির এসআই পিআর চন্দ্র, এসআই রফিকুল ইসলাম ও এসআই শংকর রায় এবং বিজিবির পক্ষে থানার হাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাফিজ উদ্দিন, বার্নিরঘাট ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মিজানুর রহমান, নায়েক সুবেদার কামরুজ্জামান ও খগাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন উপস্থিত ছিলেন।
