কভার্ড ভ্যানের ধাক্কায় ভটভটি খাদে, নিহত ১
নাটোরের বড়াইগ্রামে কভার্ড ভ্যানের ধাক্কায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হন আরও পাঁচজন।
বনপাড়া মহাসড়ক পুলিশের ওসি ফুয়াদ রুহানী জানান, শুক্রবার দুপুরে বনপাড়া বাইপাস মোড়ে মদিনা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু হোসেন (৫৫) নাটোর সদর উপজেলার বড়বড়িয়া গ্রামের প্রয়াত কালু গাজীর ছেলে।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতরা কুষ্টিয়ার ভেড়ামারার একটি উরস শরীফে যাচ্ছিলেন।
ওসি ফুয়াদ আরও বলেন, বগুড়া থেকে ঢাকাগামী একটি কভার্ড ভ্যান বনপাড়া এলাকায় পেছন থেকে যাত্রীবাহী ওই ভটভটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আরোহী সাজু হোসেন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে বলে জানান তিনি।
