বরিশালে বাসের ধাক্কায় নিহত ২
বরিশালের গৌরনদীতে বাসের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানের চালক ও এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন, আহত হন আরও তিনজন।
বরিশাল মহাসড়ক থানার ওসি মাহাবুবুর রহমান চৌধুরী জানান, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বাটাজোর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলেন উজিরপুর উপজেলার উজ্জ্বল আলী (৭৫) এবং ভ্যানচালক সিকান্দার মিয়া (৪৫)। সিকান্দারের ঠিকানা পাওয়া যায়নি।
আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ওসি মাহাবুবুর রহমান জানান, বাটাজোর এলাকা থেকে যাত্রী নিয়ে ওই ভ্যান মাহিলাড়ার উদ্দেশে যাচ্ছিল। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী সোনারতরী পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ভ্যানের আরোহী উজ্জ্বল মারা যান। আহত অবস্থায় ভ্যানচালকসহ চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চালক সিকান্দার।
বাসটি আটক করা হলেও চালক পলাতক বলে জানান ওসি মাহবুব।
