ত্রাসের দানব রুখতে প্রতিভার মূল্যায়ন জরুরি: রাষ্ট্রপতি
‘অপসংস্কৃতি’ ও ‘ত্রাসের দানব’ রুখতে প্রতিভার মূল্যায়ন ও লুপ্তপ্রায় সাংস্কৃতিক উপাদানের চর্চার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেছেন, “কোনো প্রতিভার মূল্যায়ন না হলে একদিকে যেমন সেই প্রতিভা বিকশিত হয় না তেমনি অন্য প্রতিভার আগমনের পথও হয় সংকুচিত। সেই সুযোগে অপসংস্কৃতি কিংবা ত্রাসের দানব দেশে মাথাচাড়া দিয়ে ওঠে। এজন্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শিল্পীদের সহযোগিতা প্রদানের পাশাপাশি লুপ্তপ্রায় সংস্কৃতির উপাদান সংগ্রহ, চর্চা ও সংরক্ষণে বিশেষ কার্যক্রম গ্রহণ খুবই জরুরি।”
বৃহস্পতিবার বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শিল্পকলা পদক ২০১৪’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে শিল্পকলার বিভিন্ন শাখায় বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি স্বরূপ সাত গুণী শিল্পীকে পদক দেওয়া হয়।
পদক প্রাপ্ত শিল্পীরা হলেন-নৃত্যকলায় ওস্তাদ বজলুর রহমান বাদল, কণ্ঠসংগীতে পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, যন্ত্রসংগীতে পণ্ডিত মদন গোপাল দাস, চারুকলায় সৈয়দ আবদুল্লাহ্ খালিদ, আবৃত্তিতে আশরাফুল আলম, নাটকলায় লাকী ইনাম ও ফটোগ্রাফিতে শহিদুল আলম।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “জাতি গঠনে শিল্পীদের অবদান অপরিসীম। আমাদের গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রতিভা যারা কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই আপন ভুবন সৃজন করে চলেছেন। কিন্তু মূল্যায়নের অভাবে অনেক প্রতিভা বিকশিত না হয়ে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে।”
রাষ্ট্রপতি এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন প্রতিষ্ঠানকে শিল্পীদের সহযোগিতা এবং লুপ্তপ্রায় সংস্কৃতির উপাদান সংগ্রহ, চর্চা ও সংরক্ষণে বিশেষ কার্যক্রম গ্রহণের আহ্বান জানান।
আবদুল হামিদ বলেন, “শিল্পকলা নিছক বিনোদনের মাধ্যম নয়, তা সমাজ পরিবর্তনের বলিষ্ঠ হাতিয়ারও। সাংস্কৃতিক ঐতিহ্যের পথ ধরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মের সামনে সমুন্নত রাখতে এদেশের শিল্পী ও সংস্কৃতিকর্মীরা ভূমিকা রেখেছেন।”
রাষ্ট্রপতি এসময় শিল্পকলা একাডেমীর বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন বলেন, “আমার প্রত্যাশা, সৃজনশীল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিশেষ ভূমিকা পালন করবে।”
সংস্কৃতি সচিব রনজিৎ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
