নিউ ইয়র্কে একুশের গ্রন্থমেলা শুরু
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বই পড়ুয়া বাংলা ভাষাভাষীদের জন্য ১৩ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে।
বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে মুক্তধারা আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কবি সাজেদ কামাল।
প্রবাসের এ গ্রন্থমেলায় চলতি বছর ঢাকায় বাংলা একাডেমির বইমেলায় প্রকাশিত ৪০টি বই স্থান পেয়েছে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানান প্রকাশনা প্রতিষ্ঠান মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘একুশ ও নতুন বই’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাহিম রেজা নূরের সঞ্চালনায় লেখক-কলামনিস্ট হাসান ফেরদৌস, সাংবাদিক দর্পন কবীর এবং কবি সাজেদ কামাল বক্তব্য রাখেন।
সাজিদ কামাল তার বক্তব্যে বর্হিবিশ্বে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে মুক্তধারার ভূমিকার প্রশংসা করে বলেন, "বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে মুক্তধারা বহির্বিশ্বে ২৫ বছর ধরে কাজ করছে। ১৯৯২ সালে জাতিসংঘের সামনে শহীদ মিনার তৈরি করে শহীদ দিবস পালনের মাধ্যমে আন্তর্জাতিক বলয়ে একুশকে তুলে ধরে।"
"আর এ বছর মুক্তধারা ফাউন্ডেশনের প্রস্তাবনায় নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো নিউইয়র্ক স্টেটে ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে আনুষ্ঠানিকভাবে পালনের ঘোষণা দিয়েছেন। এটা খুব বড় একটা বিষয়।"
এ সময় তিনি বলেন, ‘বই মানুষকে আমৃত্যু প্রেরণা জোগায়। বই মানুষকে আলোকিত করে। অমর একুশ উপলক্ষে দেশে এবং প্রবাসে যে বইমেলা হয়ে আসছে, তার অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’
