টেকনাফে বিজিবির সঙ্গে ‘গোলাগুলিতে’ একজন নিহত
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি ইয়াবা ব্যবসায়ী ছিলেন বলে সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা বলছেন।
বৃহস্পতিবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালিতে নাফ নদীর মোহনায় ‘গোলাগুলির’ ঘটনা ঘটে বলে বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট আবুজার আল জাহিদ জানিয়েছেন।
নিহত মোহাম্মদ হোসেন (৩৮) আলীখালি এলাকার মো. মোজাফ্ফরের ছেলে।
বিজিবি কর্মকর্তা জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে ওই এলাকায় কয়েকজন ব্যক্তিকে দেখে সন্দেহ হলে টহলরত বিজিবি সদস্যরা তাদের দিকে এগিয়ে যায়।
“এসময় তারা হঠাৎ করে গুলি করলে বিজিবির দুই সদস্য আহত হন। আত্মরক্ষায় বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।”
ঘটনাস্থলে ৪০ হাজার ইয়াবা ও একটি দেশি বন্দুক পাওয়া যায় বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
বিজিবির আহত দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে টেকনাফ থানার ওসি আতাউর রহমান জানিয়েছেন।
