পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক কাওছার আলী নেই
পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা কাওছার আলী আর নেই।
বুধবার সকাল পৌনে ১১টায় পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ছিলেন।
বিকাল ৫টায় রাষ্ট্রীয় মর্যাদায় সকল আনুষ্ঠানিকতা ও নামাজে জানাজা শেষে পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সুজন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমূল হক প্রধান, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মহকুমা প্রতিনিধি হিসেবে শুরু করে সাংবাদিকতা জীবনে দীর্ঘ তিন যুগের বেশি সময় ইত্তেফাকের জেলা প্রতিনিধি ছিলেন। এর আগে দৈনিক গণশক্তি, সাপ্তাহিক মশালসহ বিভিন্ন স্থানীয় ও আঞ্চলিক পত্রিকাও কাজ করেন।
তিনি নাটাবের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় প্রেসক্লাবের স্থায়ী পরিষদের সদস্য ছিলেন।
সাংবাদিকতায় অবদানের জন্য তিনি কাঞ্চনজঙ্ঘা ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সম্মাননা পান।
