বিএনপিকে জামায়াত ছাড়তেই বলবে ইইউ: শাহরিয়ার
জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে বিএনপিকে আহ্বান জানিয়ে আসা ইউরোপীয় ইউনিয়ন আগের অবস্থানেই রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বিএনপি-জামায়াত জোটের লাগাতার আন্দোলনের মধ্যে ঢাকা সফরে আসা ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বুধবার বৈঠকের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান দান প্রেদা নেতৃত্বাধীন ৬ সদস্যের এই প্রতিনিধি দলটি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের একদিন বাদেই তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
তাদের সঙ্গে বৈঠকের পর শাহরিয়ার সাংবাদিকদের বলেন, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকে বিএনপি-জামায়াত জোটের চলমান অবরোধে নাশকতার চিত্র সম্বলিত একটি ভিডিও দেখানো হয়।
“নাশকতার চিত্র দেখে তারা বলেছেন, তারা তাদের ওই আহ্বান (বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার) জানিয়ে যাবেন।”
গত বছর ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়, যাতে বিএনপিকে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের সঙ্গ ছাড়ার আহ্বান জানানো হয়।
সরকারবিরোধী আন্দোলনে বিএনপি-জামায়াত জোটের গত দেড় মাসের অবরোধ-হরতালে নাশকতা ঘটে চলছে, যাতে অগ্নিদগ্ধ হয়ে অর্ধ শতাধিক মানুষ মারা গেছেন।
নাশকতা বন্ধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগও ইউরোপের প্রতিনিধি দলের কাছে তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের কেউ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। মঙ্গলবার খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পরও সাংবাদিকদের এড়িয়ে যান তারা।
শাহরিয়ার আলম বলেন, যে সব দেশে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা যায়, সেসব দেশ সফরের অংশ হিসেবেই প্রতিনিধি দলটির ঢাকায় আসা।
সাম্প্রতিককালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে উদ্বেগ জানিয়ে ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন হয়েছে।
তাদের সফরের আগে সম্প্রতি বিএনপি চলমান অবরোধের মধ্যে গত এক মাসে ২০ দলের নিহত নেতা-কর্মীদের নামের তালিকা বিদেশি দূতাবাসগুলোতে পাঠায়।
বিএনপির হিসাব অনুযায়ী, গত ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের দিন থেকে রাজনৈতিক সহিংসতায় ৭৮ জন প্রাণ হারিয়েছেন, এর মধ্যে বিরোধী জোটের নেতা-কর্মীর সংখ্যা ৪৩ জন।
এছাড়া গত এক মাসে ১৮ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং প্রায় ৭ লাখের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে বলেও বিএনপির দাবি।
তবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগের কথা প্রতিনিধি দলটি জানায়নি বলে শাহরিয়ার জানান।
