শিক্ষা মন্ত্রণালয়ের নামে প্রতারণা, সতর্ক বার্তা
একটি চক্র শিক্ষামন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সারা দেশে ‘প্রতারণামূলক কর্মকাণ্ড’ চালাচ্ছে বলে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের এক ‘জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে’ এ তথ্য জানিয়ে বলা হয়, এতে শিক্ষা মন্ত্রণালয়ের ভারমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শিক্ষামন্ত্রী, মন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে এই প্রতারকচক্র দেশব্যাপী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে নানা অজুহাতে অর্থ আত্মসাতসহ প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।
তবে এই চক্রে কারা জড়িত, তারা কোথায় কোন ধরনের প্রতারণা চালাচ্ছে সে বিষয়ে কোনো তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।
কোন তথ্যের ভিত্তিতে মন্ত্রণালয় এই সতর্ক বার্তা জারি করেছে তাও বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
এই প্রতারক চক্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট আর্থিক লেনদেন থেকে বিরত থাকারও অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
