চট্টগ্রামে মোটরসাইকেল চুরির সময় ২ যুবক আটক
বন্দরনগরী চট্টগ্রামের বাকলিয়া এলাকায় মোটরসাইকেল চুরি করার সময় দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে বাকলিয়ার ছৈয়দ শাহ লেইন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আরিফুল ইসলাম নিরব (২১) নগরীর বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। শামীম মান্নান (২০) নামে অপরজন তার সহযোগী।
তারা দুইজনই ফেনীর মহিপালের বাসিন্দা হলেও নগরীর রসুলবাগ এলাকায় একটি মেসে থাকেন।
পুলিশ কর্মকর্তা মহসিন জানান, “নিরব ও শামীম রাতে ছৈয়দ শাহ লেইনের ঝিনুক ভবনের নিচতলায় মোটরসাইকেল চুরি করতে যায়। এ সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।
“আটক দুজন আগেও মোটরসাইকেল চুরি করেছে বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে। দেড় মাস আগে ফেনীর মহিপাল থেকে একটি মোটরসাইকেল চুরি করে এনে নগরীতে নিরবের পরিচিত একজনের বিক্রি করে।”
তারা সংঘবদ্ধ মোটরসাইকেল চুরি চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি মহসিন বলেন, “কিছুদিন আগে নগরীর নিউমার্কেট এলাকা থেকে আরও একটি মোটরসাইকেল চুরি করে এ দুজন। ওই মোটরসাইকেল নিয়ে পাঁচ দিন আগে বান্দরবান যায় এবং ফেরার পথে সাতকানিয়ায় দুর্ঘটনায় পড়ে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
এ দুজনের সঙ্গে মোটরসাইকেল চুরিতে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা মহসিন।
