কার্জন হলে হাতবোমা বিস্ফোরণ
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুস সুবহানের রায় ঘোষণার দিন ট্রাইব্যুনালের কয়েকশ গজ দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে কার্জন হলের প্রাণ রসায়ন ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মাঝের রাস্তায় পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শী কয়েক শিক্ষার্থী জানিয়েছেন।
হাতবোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম।
প্রায় একই সময়ে বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন ভবনের পাশে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানান তিনি।
ওসি সিরাজুল বলেন, “কার্জন হলে তিনটি ছাড়াও তিন নেতার মাজারের উল্টো দিকে মোকাররম হোসেন ভবন এলাকার উচ্চতর গবেষণা কেন্দ্রের কাছে দুটি হাতবোমা ফাটানো হয়।”
হাতবোমা ফাটানোয় জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
কার্জন হলের মূল ফটকের উল্টো দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সুবহানের যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা চলছে।
যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা উপলক্ষে বরাবরের মতো এদিনও আদালত ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। ওই এলাকায় মানুষ ও যানবাহনের চলাচল সীমিত করা হয়েছে।
গত ৫ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত জোটের চলমান অবরোধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের পাশাপাশি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছে।
