বরগুনায় ট্রলারডুবি: কিশোরের লাশ উদ্ধার
পটুয়াখালী থেকে বরগুনায় মাহফিলগামী ট্রলারডুবির পাঁচ দিন পর নিখোঁজ কিশোরের লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে বঙ্গোপসাগরের আশার চর থেকে মুছা মৃধার (১৪) লাশ উদ্ধার করা হয়। এর আগে উদ্ধার করা হয় সাত জনের লাশ।
মুছা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মনসাতলী গ্রামের আবদুল বারেক মৃধার ছেলে।
বরগুনার তালতলী থানার ওসি বাবুল আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগে সাত জনের লাশ উদ্ধার করা হয়। শুধু মুছা মৃধা নিখোঁজ ছিল।
গত শুক্রবার সকালে এফবি খাদিজা নামের ট্রলারটি দুই শতাধিক যাত্রী নিয়ে কলাপাড়ার মহিপুর থেকে বরগুনার বামনা উপজেলার চলাভাঙ্গা দরবার শরীফের মাহফিলে যাচ্ছিল।
দুপুর ১২টার দিকে তালতলীর পায়রা ও বিষখালী নদীর সাগর মোহনায় অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রলারটি ডুবে যায়।
এ সময় স্থানীয় জনগণ ও জেলেরা ট্রলারে থাকা অধিকাংশ যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে যান।
ওই দুর্ঘটনায় মৃত জয়নাল মিয়া (৬০), সফিজ উদ্দিন (৬৫), ইউসুফ মাঝি (৩৫), শিশু আবু নাঈম (৯), আমির আলী (৩৫), হারুন-অর-রশিদ মুন্সি (৩৬) ও আলী হোসেনের (৩৭) লাশ ওইদিনই উদ্ধার করা হয়।
