প্রাথমিকে এবার ৫০% সৃজনশীল প্রশ্ন
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী পরীক্ষায় যোগ্যতাভিত্তিক বা সৃজনশীল প্রশ্ন ১৫ শতাংশ বাড়িয়ে এবার ৫০ শতাংশ করা হয়েছে। তবে গত দুই বছরের মতো সবগুলো পরীক্ষার সময় আড়াই ঘণ্টাই থাকছে।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) পরিচালক মো. শাহ আলম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিক সমাপনীর এ বছরের পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন জাতীয় কর্মশালায় চূড়ান্ত হয়েছে।
“মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ২০১৫ সালের পরীক্ষায় প্রতি বিষয়ে যোগ্যতাভিত্তিক ৫০ শতাংশ এবং ট্রাডিশনাল ৫০ শতাংশ প্রশ্ন থাকবে।”
প্রাথমিক সমাপনীতে ২০১৮ সালে শতভাগ প্রশ্নই যোগ্যতাভিত্তিক (সৃজনশীল) হবে বলে জানিয়েছেন নেপ’র ডিপ্লোমা ইন প্রাইমারী এডুকেশন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল জলিল।
সেই লক্ষ্যেই প্রতি বছরই যোগ্যতাভিত্তিক প্রশ্নের হার বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।
২০০৯ সালে শুরু হওয়া প্রাথমিক সমাপনীতে ২০১২ সালে প্রথমবারের মতো ১০ শতাংশ সৃজনশীল প্রশ্ন সংযোজন করা হয়েছিল।
ফাইল ছবি
২০১৩ সালে সৃজনশীল প্রশ্ন ছিল ২৫ শতাংশ। আর গত বছর ৩৫ শতাংশ সৃজনশীল প্রশ্নে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা হয়।
যোগ্যতাভিত্তিক প্রশ্নে চিন্তা করে শিক্ষার্থীদের উত্তর লিখতে হয়। কিন্তু অনেক শিক্ষার্থীই দুই ঘণ্টায় পরীক্ষা শেষ করতে না পারায় ২০১৩ সালে এই পরীক্ষার সময় ৩০ মিনিট বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়।
১৫ শতাংশ যোগ্যতাভিত্তিক প্রশ্ন বাড়লেও ২০১৫ সালের পরীক্ষায়ও আড়াই ঘণ্টার হবে বলে জানান শাহ আলম।
তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনিসিটিবি), জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এবং মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের নিয়ে কর্মশালায় যোগ্যতাভিত্তিক প্রশ্নের হার নির্ধারণ করা হয়েছে।
২০১৪ সালের এইচএসসিতে ২৫টি বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হয়েছে। চলতি এসএসসির বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হচ্ছে।
অন্যদিকে জেএসসিতে ২০১৪ সালে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হয়েছে।
সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়ার ফলে পাবলিক পরীক্ষায় নকলের প্রবণতা কমার সঙ্গে শিক্ষার্থীদের চিন্তা করে উত্তর লেখার দক্ষতা বাড়ছে বলে দাবি করে আসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
