সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শিব চর্তুদশী মেলা শুরু
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ১৫ দিনব্যাপী শিব চর্তুদশী মেলা।
বিরোধী জোটের অবরোধ-হরতালের মধ্যেও ধর্মীয় রীতিনীতিতে নানা আচার শান্তিপূর্ণভাবে পালন করেছেন দেশ-বিদেশ থেকে আসা সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নারী-পুরুষ।
শিব চর্তুদশী উপলক্ষে সোমবার রাত থেকে দেশের নানা প্রান্তের মানুষ সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে ভিড় জমায়।
পাহাড়ের সিঁড়ি বেয়ে যেতে থাকে প্রায় ১২০০ ফুট ওপরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দেবতা শিবের মন্দিরে।
মন্দিরে যাওয়ার আগে ব্যাস কুণ্ডে স্নান করেন ভক্তরা। তারাপর পাহাড় চূড়ায় পূজা দেন ও শিব লিঙ্গে অর্ঘ্য প্রদান করে পূণ্যার্থীরা।
ব্রাক্ষণবাড়িয়া থেকে আসা বাবুল কর্মকার বলেন, “পরিবারের সবাইকে নিয়ে শিব চর্তুদশী পালন করতে এসেছি। ভয়ে ভয়ে এসেছি। রাস্তায় নানা রকম সহিংসতার খবর পেয়েছি এতদিন।
“এবার লোকও কিছু কম হয়েছে বলে মনে হয়। আয়োজন ভালো তবে পাহাড়ে ওঠার সিঁড়িগুলো সংস্কার করলে দর্শনার্থীদের জন্য সুবিধা হতো।“
এদিকে শিব চর্তুদশী উপলক্ষে সীতাকুণ্ড স্রাইন কমিটির আয়োজনে তিন দিনব্যাপী বিশ্ববৈদিক ও ঋষি সমাবেশ আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে সমাবেশের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম।
মেলা উপলক্ষে মাঙ্গলিক শোভাযাত্রা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বেদ ও গীতা পাঠ এবং হেমযজ্ঞের আয়োজন করা হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্রাইন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাধনময় ভট্টাচার্য্য। বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, আইনজীবী মৃদুল গুহ ও অজিত নারায়ণ অধিকারী।
ওই ভ্রমণের স্মৃতি অনুসারে সীতা পাহাড় এবং সীতাকুণ্ডের নামকরণ করা হয় বলে জনশ্রুতি আছে।
হিন্দু ধর্মীয় মতে কলিযুড়ে দেবাদিদেব মহাদেব (শিব) শিব চর্তুদশীতে সীতাকুণ্ডে অবস্থান করেন। একারণে এ দিন ভক্তরা সীতাকুণ্ডে ছুটে আসেন।
মূল শিবরাত্রি মঙ্গলবার হলেও তার আগে পরে মিলিয়ে ১৫দিন ধরে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে এ মেলা চলে।
