২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাস্থানে নেই পর্যটক, সুনসান পিকনিক স্পট

হরতাল-অবরোধে বগুড়ার মহাস্থান এখন একেবারে পর্যটক শূন্য। নেই দেশি-বিদেশি হাজারো পর্যটকের মুখর আনাগোনা। নীরব সুনসান পিকনিক স্পট।

জিয়া শাহীন

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 09:22 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

স্বাভাবিক অবস্থায় বছরের এই সময়ে এখানে প্রতিদিন হাজারো দেশি-বিদেশি পর্যটক আসে দর্শনীয় স্থানগুলোতে। কেউ বা আসে পিকনিকে।

এখানে রয়েছে যাদুঘর, গোবিন্দ ভিটা, কথিত বেহুলা-লখিন্দরের বাসরঘর, শিলাদেবীর ঘাট, জীবন-মরণ কুয়া, নালন্দা বিশ্ববিদ্যালয় ও শাহ সুলতান বলখীর (রা.) মাজার।

হরতাল-অবরোধের কারণে মহাস্থান গড়কে ঘিরে ব্যবসা প্রতিষ্ঠানগুলোও প্রায় বন্ধের পথে।

সরেজমিনে গিয়ে মহাস্থান যাদুঘর, কথিত বেহুলা-লখিন্দরের বাসরঘর, গোবিন্দভিটায় দুয়েকজন করে দর্শনার্থী দেখা গেছে।

এছাড়াও শিলাদেবীর ঘাট, জীবন-মরণ কূপ ও মাজার এলাকা ও নালন্দা বিশ্ববিদ্যালয়ের দর্শনীয় স্থানগুলো ছিল ফাঁকা। কোনো পর্যটক চোখে পড়েনি সেখানে।

মহাস্থান যাদুঘরের কাস্টডিয়ান মো. মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৪ সালে জানুয়ারি মাসে মহাস্থান যাদুঘরে ১৪ হাজার ৬৫ জন দেশি, ১১৩ জন বিদেশি এবং ৬ হাজার ৫০৩ জন শিক্ষার্থী পরিদর্শন করেছেন।

বেহুলা-লখিন্দরের কথিত বাসরঘর দেখতে ১০ হাজার ৩৭০ জন দেশি, ৫৩ জন বিদেশি, ৩ জন সার্কভুক্ত দেশের, ৪ হাজার ৩৭৯ জন শিক্ষার্থী আসেন।

গোবিন্দ ভিটায় আসেন ৬ হাজার ৮৯১ জন দেশি, ৯০ জন বিদেশি ও ২ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী।

কিন্তু হরতাল অবরোধে এবার দর্শনার্থীর সংখ্যা একেবারেই নীচে নেমে এসেছে।

তিনি আরও জানান, ২০১৫ সালের জানুয়ারির প্রথম সপ্তাহেই পর্যটকের ঢল নামে। কিন্তু ৫ জানুয়ারির পর এটি থেমে যায়।

জানুয়ারি মাসে মহাস্থানের যাদুঘর পরিদর্শন করেন ৪ হাজার দেশি, ৬৬৫ জন শিক্ষার্থী এবং ৭৯ জন বিদেশি পর্যটক। বিদেশি পর্যটকরা এসেছিলেন জানুয়ারির প্রথম দিকে।

কথিত বেহুলা-লখিন্দরের বাসর ঘরে ২ হাজার ৩০৮ জন দেশি, ৬ জন বিদেশি ও ৫১৮ জন শিক্ষার্থী পরিদর্শন করেন।

এ কারণে মহাস্থানে প্রত্নতত্ত্ব বিভাগের নিজস্ব আয়ও অনেক কমে গেছে বলে তিনি জানান।

মহাস্থান গড় ঘেঁষেই রয়েছে চক মহাস্থান।

ওই গ্রামের মো. বুলু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শীতের সময় প্রতিদিন বিভিন্ন জেলা থেকে মহাস্থানের পিকনিক স্পটে লোক আসে। হাজারও মানুষের সমাগম ঘটে পিকনিক স্পটে।

এবার জানুয়ারির ৫ তারিখের পর থেকে আর তাদের চোখে পড়ে না।

অথচ স্বাভাবিক সময়ে পিকনিক স্পটের একই দিনে কয়েকশ চুলা জ্বলে। সারাদিন থাকে মাইকের শব্দ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা পর্যায়ের মানুষ আসে মহাস্থানে পিকনিক করতে। এখন পিকনিক স্পটের চুলা জ্বলছে না বলেন বুলু মিয়া। 

একই গ্রামের হেনা বেওয়া ও মজিদা খাতুন জানান, শীতের সময় পিকনিক করতে আসা লোকদের পানি সরবরাহ করা এবং রান্নায় সহযোগিতা করার জন্য দিনে ৬ থেকে ৭শ’ টাকা উপার্জন করতেন তিনি। তার মতো এ ধরনের কাজ করে প্রায় অর্ধশত পরিবারের লোক।

কিন্তু এবার হরতাল-অবরোধে পিকনিক স্পটে লোক না আসায় তাদের উপার্জন নেই বললেই চলে।

পর্যটকসহ পিকনিক করতে আসা লোকজন মহাস্থান থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনা-কাটা করে। পর্যটন কেন্দ্র ঘিরেই গড়ে উঠেছে বিভিন্ন ধরনের দোকান। এবার দোকানগুলোতে বিক্রি একেবারেই নেই।

মহাস্থানে রয়েছে নামকরা ১৪১টি কটকটির দোকান রয়েছে। তার অধিকাংশই এখন বন্ধ।

নাসির কটকটির স্টোরের মালিক মো. রফিকুল ইসলাম বাদল জানান, এই মৌসুমে প্রতিবার ৮ থেকে ১০ লাখ টাকার কটকটি বিক্রি হয়। দিনে ৩০ থেকে ৪০ হাজার টাকার কটকটি বিক্রি হয়।

কিন্তু হরতাল-অবরোধে লোকজন না আসায় দিনে ৫শ’ থেকে হাজার টাকা বিক্রি হচ্ছে। এখন লাভ তো দূরের কথা, কর্মচারীদের বেতন দেওয়াও কঠিন হয়ে দাঁড়িয়েছে।