সুপ্রিম কোর্ট বারের নির্বাচন ১৫-১৬ মার্চ
আগামী ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৫-১৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন হবে।
নির্বাচন পরিচালনার জন্য মো. হারুন অর রশিদকে প্রধান করে নির্বাচন পরিচালনা উপ-কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমিতির বর্তমান সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, সভাপতি ও সম্পাদকসহ ১৪ সদস্যের কার্যনির্বাহী কমিটির দুদিনব্যাপী এ নির্বাচনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
এবার ৪ হাজার ৩৬২ জন আইনজীবী ভোটার হয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ মার্চ বিকাল ৫টা।
নির্বাচনে একটি সভাপতি, দুটি সহ-সভাপতি, একটি সম্পাদক, একটি ট্রেজারার, দুটি সহ-সম্পাদক এবং সাতটি কার্যনির্বাহী কমিটির সদস্য পদে ভোটগ্রহণ হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কমিটির একটি সদস্য পদ বাদে সব পদে রয়েছেন বিএনপি জোট সমর্থকরা।
