শিক্ষকদের হুমকির বিচার দাবি চবি শিক্ষক সমিতির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের সময় শিক্ষকদের হুমকিদাতাদের বিচার চেয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান শিক্ষকরা।
গত ১৪ ডিসেম্বর ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে তাপস সরকার নামে সংস্কৃত বিভাগের এক ছাত্র নিহতের পর দীর্ঘদিন বাইরে থাকা ছাত্রলীগের এক পক্ষ শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘ভিএক্স’ গ্রুপের কর্মীরা রোববার শাহজালাল হলে গেলে প্রতিপক্ষ ‘সিএফসি’ গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়।
দিনভর সংঘর্ষের সময় সিএফসি গ্রুপের কর্মীরা শিক্ষকদের হুমকি দেয় বলে অভিযোগ শিক্ষকদের।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বেণু কুমার দে শিক্ষকদের হুমকির বিষয়টি ন্যাক্কারজনক মন্তব্য করে বলেন, “এ ঘটনা দেশের শিক্ষক সমাজে আমাদের ভাবমূর্তি নষ্ট করেছে।”
এ ঘটনায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করার দাবি জানান তিনি।
মানববন্ধনে আবাসিক এলাকায় গিয়ে তারা শিক্ষকদের প্রাণনাশেরও হুমকি দেয় এবং পুলিশের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন শিক্ষকরা।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর, শহীদ আবদুর রব হলের প্রভোস্ট অধ্যাপক মো. রাশেদ-উন-নবী, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর পরিচালক অধ্যাপক জসীমউদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষরা।
এদিকে শিক্ষকদের হুমকির প্রতিবাদে ক্যাম্পাসে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ’ ক্যম্পাসে মৌন মিছিল করে।
