বিদ্যুতের উঁচু টাওয়ার থেকে লাফিয়ে আহত
বাগেরহাট সদরে প্রায় ৯০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ার থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি।
মঙ্গলবার দুপুরে ষাটগম্বুজ ইউনিয়নের বাজেয়াপ্তি সুন্দরঘোনা গ্রামে এই ঘটনা ঘটে। তবে, কী কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন তা জানা যায়নি।
আহত ইদ্রিস আলী হাওলাদার (৪৮) বাজেয়াপ্তি সুন্দরঘোনা গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
বাগেরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইদ্রিসের হাত, পা, মাথা, মুখ ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ইদ্রিস আকস্মিকভাবে টাওয়ারে উঠতে শুরু করেন। কয়েকজন প্রতিবেশী তাকে নিবৃত করতে ব্যর্থ হয়ে পরিবারের সদস্যদের খবর দেন। এর মধ্যে ইদ্রিস টাওয়ারের মাথায় উঠে যান।
প্রায় দেড়ঘণ্টা ধরে উৎকণ্ঠিত মানুষ ইদ্রিসকে টাওয়ার থেকে নেমে আসার অনুরোধ জানান। কিন্তু সে কারও কথায় কান না দিয়ে তিনি সেখান থেকে ঝাঁপিয়ে পড়েন।
এ ব্যাপারে ইদ্রিসের স্ত্রীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
তবে তাদের প্রতিবেশী গোলাম রসুল, মোস্তাফিজ শেখ ও আলতাফ হোসেন জানান, বেশ কিছুদিন ধরে ইদ্রিস বেশ উত্তেজিত থাকতেন। গত এক বছরের মধ্যে তিনি ফাঁস দিয়ে ও বিষা পান করে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছেন।
এমনকি মঙ্গলবার সকালেও তিনি বটি দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করেন। এ সময় তার স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে নিবৃত করে।
তবে এই আচরণের কোনো কারণ তারা বলতে পারেননি।
ইদ্রিসকে উদ্ধার করতে যাওয়া বাগেরহাট ফায়ার সার্ভিসের দলনেতা স্বপন কুমার ভক্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ঘটনাস্থলে পৌঁছে ইদ্রিসকে টাওয়ারের একেবারে উপরে বসে থাকতে দেখেন। বিভিন্নভাবে বুঝিয়ে অনুরোধ করে তাকে নামিয়ে আনার চেষ্টা করা হয়। কিন্তু তিনি কোনভাবেই সাড়া দিচ্ছিলেন না।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনীষা মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইদ্রিসের অবস্থা আশংকাজনক। তার হাত-পা, মাথা, মুখ ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত হয়েছে।
ডান হাত ও ডান পা ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাগেরহাট ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) বাগেরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুল হক জানান, ইদ্রিস যে টাওয়ার থেকে ঝাঁপ দিয়েছেন সেটি এক লাখ ৩২ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন। জাতীয় গ্রিডের এই লাইনটি খুলনা থেকে বাগেরহাটের উপর দিয়ে পিরোজপুরের দিকে গেছে।
আশি থেকে নব্বই ফুট উচ্চতার এসব টাওয়ার অত্যান্ত বিপজ্জনক বলে জানান তিনি।
