নাশকতার ক্ষতিপূরণ আদায়ে আইন করার সুপারিশ
বিএনপি জোটের অবরোধ-হরতালে নাশকতায় বিভিন্ন খাতের শ্রমিক ও মালিকদের জন্য ক্ষতিপূরণ আদায়ে আইন প্রণয়নের সুপারিশ এসেছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য শিরীন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা হরতাল-অবরোধে অগ্নিসংযোগ ও ভাঙচুর করছে, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে সুনির্দিষ্ট আইন করতে বলা হয়েছে। নাশকতায় পরিবহন শ্রমিকসহ বিভিন্ন খাতের শ্রমিকদের ক্ষতির পরিপ্রেক্ষিতে এই সুপারিশ করা হয়েছে।
ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া ও পরিমাণের বিষয়টি আইনে সুনির্দিষ্ট করতে বলা হয়েছে বলে জানান জাসদের এই সাংসদ।
সরকারি ভাষ্য অনুযায়ী, গত ৫ জানুয়ারি থেকে ৬৬৪টি যানবাহন পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ৪১০টি যানবাহন ভাংচুর করেছে অবরোধ সমর্থকরা। ২৮টি স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে। রেলপথে নাশকতার ঘটনা ঘটেছে ২৫টি; নৌপথে ছয়টি।
এসব পেট্রোল বোমা হামলার ঘটনায় দগ্ধ হয়ে এবং হাতবোমার আঘাতে নিহত হয়েছেন ৫৫ জন, আহত হয়েছেন ৫৫৬ জন।
এছাড়াও কমিটির বৈঠকে দেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে ডরমিটরি নির্মাণ এবং পরিবহণ শ্রমিকদের জন্য প্রণীত আইন যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সুপারিশ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত ৪৯ শ্রমিককে শ্রমিক কল্যাণ তহবিল থেকে অনুদান দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে বৈঠকে সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, মো. ইসরাফিল আলম, আনোয়ারুল আবেদীন খান, ছবি বিশ্বাস, শিরীন আখতার, মো. রুহুল আমিন এবং মো. রেজাউল হক চৌধুরী অংশ নেন।
